কুমিল্লা
যুবদলের দুই পক্ষের গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লা নগরীতে যুবদলের দুই পক্ষের মধ্যে চলমান বিরোধকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া দুই দিনে মোট আহতের সংখ্যা অর্ধশতাধিক। গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর থিরাপুকুর ও জিনার পুকুরপাড় এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে ২০ থেকে ৩০ জন আহত হন।
এদিকে, সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় অন্তত সাতজন আহত হন। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়। পাশাপাশি স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত রমজান মাসে নগরীর দিঘীরপাড় এলাকায় এক যুবককে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে সাম্প্রতিক এই সংঘর্ষের ঘটনা ঘটছে।
জানতে চাইলে কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ছোটন বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। বিষয়টি সমাধান হওয়ার পর আবার কেন এমন হলো। বিষয়টি দলীয়ভাবে দেখা হচ্ছে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার এশিয়া পোস্টকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
