ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম
ফাইল ছবি
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন রোগী। নিহত ৬ জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সেপ্টেম্বর মাসে—১৪৮ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা গেছেন।
বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৮৪ হাজার ৩৬৯ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬২১ জন। এ নিয়ে মোট ৭৮ হাজার ৪৬২ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
বিভাগভিত্তিক রোগী ভর্তির চিত্র:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৫২৫ জন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে—
চট্টগ্রাম বিভাগ: ৩১৯ জন
খুলনা বিভাগ: ২৭৬ জন
বরিশাল বিভাগ: ২১৫ জন
রাজশাহী বিভাগ: ১৩২ জন
ময়মনসিংহ বিভাগ: ৭৯ জন
রংপুর বিভাগ: ৬২ জন
