×

চট্টগ্রাম

১০৯ পদ শূন্য

জনবল–সংকটে ধুঁকছে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম

জনবল–সংকটে ধুঁকছে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের জনবল সংকট, চিকিৎসক ও কারিগরি কর্মীর ঘাটতি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত প্রায় ৬ লাখ মানুষের এই বৃহৎ উপজেলার প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্রটি বর্তমানে প্রয়োজনীয় জনবল ও সেবাসুবিধার সংকটে চাপের মুখে পরিচালিত হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদিত জনবলের সংখ্যা ২৮২ হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৭৩ জন। ফলে ১০৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অনুমোদিত ১০ জন কনসালট্যান্টের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র ৫ জন। একইভাবে ৪৫ জন মেডিকেল কর্মকর্তার বিপরীতে কর্মরত আছেন ২৩ জন। এ ছাড়া কয়েকজন চিকিৎসক বিনা অনুমতিতে অনুপস্থিত এবং কয়েকজন প্রেষণে অন্যত্র দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

নার্সিং সেবাতেও রয়েছে উল্লেখযোগ্য সংকট। অনুমোদিত ৪২ জন নার্সের মধ্যে কর্মরত আছেন ২৮ জন। তৃতীয় শ্রেণির ১৫৬টি পদের বিপরীতে কর্মরত ১০২ জন এবং চতুর্থ শ্রেণির ২৯টি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র ১৪ জন।

জনবল সংকটের সরাসরি প্রভাব পড়েছে হাসপাতালের গুরুত্বপূর্ণ সেবাগুলোতে। নিরাপত্তাকর্মী রয়েছেন মাত্র একজন। পরিচ্ছন্নতাকর্মী আছেন দুজন। ফলে বিশাল হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে। এক্স-রে টেকনিশিয়ানের অভাবে দীর্ঘদিন ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। পর্যাপ্ত জনবল না থাকায় অপারেশন থিয়েটারও প্রায় অচল অবস্থায় আছে। আল্ট্রাসনোগ্রাম মেশিন থাকলেও দক্ষ টেকনিশিয়ানের অভাবে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

স্থানীয়দের অভিযোগ, এত বড় একটি উপজেলার স্বাস্থ্যসেবার প্রধান কেন্দ্র এভাবে পরিচালিত হওয়া উদ্বেগজনক। দ্রুত শূন্য পদ পূরণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

এদিকে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধারও সংকট রয়েছে। বিদ্যমান আবাসন ভবনগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় দুই বছর আগে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এতে হাসপাতাল চত্বরে অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসাসেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন, “প্রয়োজনীয় জনবলের অভাবে সঠিকভাবে স্বাস্থ্যসেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। শূন্য পদ পূরণসহ বিভিন্ন সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, “সরকার স্বাস্থ্য খাতে ৫ হাজার চিকিৎসক, নার্সসহ প্রায় এক লাখ জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। আশা করছি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে জনবল সংকট অনেকাংশে দূর হবে এবং স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।”

মুরাদনগরবাসীর প্রত্যাশা, দ্রুত শূন্য পদে নিয়োগ, অচল স্বাস্থ্যসেবা পুনরায় চালু এবং আবাসন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অন্যথায় উপজেলার লাখো মানুষ মানসম্মত সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা আরও বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শক্তিশালী ভূমিকম্পে ২ মিটার উঁচু হলো সমুদ্রতল, প্রবাল প্রাচীর ধ্বংস

শক্তিশালী ভূমিকম্পে ২ মিটার উঁচু হলো সমুদ্রতল, প্রবাল প্রাচীর ধ্বংস

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র নিহত

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র নিহত

আজ রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আজ রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

অবৈধ মাটি কাটায় যুবকের কারাদণ্ড, যুবকের ১ বছরের কারাদণ্ড

অবৈধ মাটি কাটায় যুবকের কারাদণ্ড, যুবকের ১ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App