×

চট্টগ্রাম

প্রধানমন্ত্রী যাবেন তাই এক পাশে রং, অন্য পাশে মলিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম

প্রধানমন্ত্রী যাবেন তাই এক পাশে রং, অন্য পাশে মলিন

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে সড়কের এক পাশে ডিভাইডারে নতুন রং করা হলেও অন্য পাশ মলিন পড়ে থাকার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে এমন চিত্র দেখা গেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের এক পাশের ডিভাইডারে রং করার কাজ শেষ হয়েছে। ওই পাশটি তুলনামূলক পরিষ্কার-পরিচ্ছন্নও। বিপরীত পাশে ডিভাইডারের অনেক অংশে এখনো রং করা হয়নি। কোথাও কোথাও ময়লা-আবর্জনাও পড়ে থাকতে দেখা যায়। তবে অক্সিজেন মোড় থেকে ওই পাশের ডিভাইডারে নতুন করে রং করার কাজ শুরু করেছেন শ্রমিকরা।

এর আগে রোববার চট্টগ্রাম সফরে গিয়ে হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই সড়কের এক পাশে সৌন্দর্যবর্ধনের কাজের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর চলাচলের পাশটিতে তুলনামূলক বেশি পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। বিপরীত পাশটি তখনও অপরিচ্ছন্ন ও রংহীন ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তির চলাচলের পথ হলেই কি সড়ক সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত করা হয়?

অক্সিজেন এলাকার বাসিন্দা হারুন বলেন, তিনি নিয়মিত অক্সিজেন থেকে চৌধুরীহাটে যাতায়াত করেন। তাঁর মতে, সড়কের দুই পাশের ডিভাইডারে একই সময়ে রং করা হলে পুরো সড়কটি আরও সুন্দর দেখাত।

বালুচরা এলাকার বাসিন্দা শিহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর যাতায়াতের পাশটিতে আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ করা হয়েছে। সাধারণ মানুষের চলাচলের জন্যও সড়কের দুই পাশ সমানভাবে সুন্দর রাখা উচিত বলে তিনি মনে করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ এটিকে ‘দেখানোর উন্নয়ন’ হিসেবে উল্লেখ করেছেন। আবার অনেকে বলেছেন, সৌন্দর্যবর্ধনের কাজ হলে সড়কের দুই পাশেই সমানভাবে কাজ করা উচিত।

তবে সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ডিভাইডারে রং করার কাজ শুরু করা হয়নি। এটি সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনের চলমান কাজ।

সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী রঞ্জন কুমার বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রীর সফরের দুই থেকে তিন দিন আগেই রং করার কাজ শুরু হয়েছিল। বৃষ্টি ও অন্যান্য কারণে দুই পাশে একসঙ্গে কাজ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, শুরু থেকেই সড়কের দুই পাশের ডিভাইডারে রং করার পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে কাজ একসঙ্গে করা যায়নি। নিয়মিত রক্ষণাবেক্ষণের বরাদ্দ থেকেই এ কাজের ব্যয় নির্বাহ করা হচ্ছে। পুরো কাজ শেষ হলে ব্যয়ের সঠিক হিসাব জানা যাবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির কারণে দুই পাশের কাজ একসঙ্গে করা সম্ভব হয়নি। সোমবার সকাল থেকে অপর পাশেও রং করার কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম জেলা সড়ক বিভাগ জানিয়েছে, অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে। প্রায় এক মাস আগে থেকেই সড়কের পাশের জঙ্গল ও ব্রিজ-কালভার্ট পরিষ্কারসহ বিভিন্ন কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে ডিভাইডারে রং করার কাজ চলছে।

চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন বলেন, এটি আগে থেকেই পরিকল্পিত ও চলমান কাজ। প্রায় ১২ কিলোমিটার সড়কে এত বড় পরিসরের কাজ আগে থেকে পরিকল্পনা ছাড়া দ্রুত বাস্তবায়ন করা সম্ভব নয়। অক্সিজেন থেকে হাটহাজারীর দিকে অনেক আগেই কাজ শুরু হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

প্রধানমন্ত্রী ৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

এনসিপির হুঁশিয়ারি মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App