আখাউড়ায় সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম সবুজ (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মোগড়া বাজারস্থ বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ১ নম্বর মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। রোববার দুপুরে আটক যুবলীগ নেতা সবুজকে আদালতে পাঠানো হয়েছে।
রফিকুল ইসলাম সবুজ উপজেলার ১ নম্বর মনিয়ন্দ ইউনিয়নের খাড়কোট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য । বর্তমানে তিনি মোগড়া বাজার এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সবুজের বিরুদ্ধে আখাউড়া থানার মামলা নম্বর-২০/২৩৯, তারিখ ১৮ নভেম্বর ২০২৪। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬, ৭ ও ১২ ধারায় দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: নিখোঁজের দুদিন পর পদ্মায় ভেসে উঠল ছাত্রদল নেতার লাশ
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম সবুজ প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন । পরে এলাকায় ফিরেন। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন বলেও জানা গেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রফিকুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
