সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ এএম
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়েছে একটি লরি। এতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে ফাতেমা (৪০) ও তাঁর আট বছর বয়সী ছেলে রাকিবের পরিচয় জানা গেছে। তাঁদের বাড়ি নেত্রকোণার মদন উপজেলার শিবাশ্রম এলাকায়।
আরও পড়ুন: আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীরা সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকাগামী একটি লরি তাঁদের চাপা দেয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আহত অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
