পুলিশ ফাঁড়িতে এখন মাদকসেবীদের আড্ডাখানা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম
ছবি : সংগৃহীত
জননিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছিল পুলিশ ফাঁড়ি। লক্ষ্য ছিল অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং এলাকার বাসিন্দাদের নিরাপত্তা দেওয়া। কিন্তু কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকার সেই পুলিশ ফাঁড়ি প্রায় ১১ বছর ধরে অকার্যকর। পরিত্যক্ত ভবনটিতে এখন মাদকসেবীদের আড্ডা বসে, ঘটছে চুরি-ছিনতাইয়ের ঘটনাও।
১৯৯০ সালে কুমিল্লা নগরের পরিকল্পিত আবাসিক এলাকা হাউজিং এস্টেটে পুলিশ ফাঁড়িটি নির্মাণ করা হয়। তবে ২০১৫ সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, ফাঁড়ির চারপাশে ঘন ঝোপঝাড় ও জঙ্গল জন্মেছে। ভবনের কয়েকটি জানালা চুরি হয়ে গেছে। ভেতরের বিভিন্ন কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মাদক সেবনের নানা সরঞ্জাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসনের জন্য ১৯৬১-৬২ সালে প্রায় ১০৩ একর জায়গাজুড়ে কুমিল্লা হাউজিং এস্টেট গড়ে তোলা হয়। এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৯৯০ সালে সেখানে পুলিশ ফাঁড়িটি নির্মাণ করা হয়েছিল।
এই আবাসিক এলাকায় রয়েছে ৫৬০টি প্লট, প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ ও একটি দিঘি। এ ছাড়া সেখানে কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারের কার্যালয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। এত জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও নিরাপত্তার জন্য নির্মিত পুলিশ ফাঁড়িটি অচল পড়ে থাকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, সন্ধ্যার পর ফাঁড়ির পাশের খেলার মাঠ, দিঘি ও পরিত্যক্ত ভবন ঘিরে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়। সেখানে মাদকসেবীদের আড্ডা বসে। এমনকি ভবনের ভেতরে অপরাধীদের যাতায়াতের দৃশ্য যাতে ধরা না পড়ে, সে জন্য ফাঁড়ির সামনের একটি বহুতল ভবনের সিসিটিভি ক্যামেরাও দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
হাউজিং এস্টেটের প্লটের মালিক সালাউদ্দিন বলেন, ২০১৫ সালে পুলিশ ফাঁড়িটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর কয়েকবার এটি পুনরায় চালুর উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তবে তা হয়নি। বর্তমানে সেখানে মাদকের আড্ডা, ছিনতাই ও ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটছে। কাগজে-কলমে পুলিশ ফাঁড়ি থাকলেও এর কার্যক্রম নেই। ফলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধের আশঙ্কা নিয়ে বসবাস করতে হচ্ছে।
আরেক বাসিন্দা খাইরুল খান বলেন, পরিত্যক্ত পুলিশ ফাঁড়িটি এখন মাদকসেবীদের আড্ডার জায়গায় পরিণত হয়েছে। এত মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে ফাঁড়ি নির্মাণ করা হলেও তারা এর সুফল পাচ্ছেন না। দ্রুত ফাঁড়িটি চালু করা হলে এলাকার মানুষের নিরাপত্তাহীনতা কমবে।
সাবেক কাউন্সিলর সেলিম খাঁন বলেন, পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালু করা প্রয়োজন। পাশাপাশি ভবন ও আশপাশের মাঠে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, নিয়মিত পুলিশি টহল এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে। তা না হলে আবাসিক এলাকার পরিবেশ ও নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, পুলিশ ফাঁড়ির ভবনটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি মেরামত কিংবা নতুন করে নির্মাণের মতো অর্থ থানা বা জেলা পুলিশের কাছে নেই। মাঠে বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনার তথ্য তাদের কাছে আসে। সেখানে প্রায়ই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, পুলিশ সদর দপ্তর থেকে ফাঁড়িটি চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। ভবনটি মেরামত করা হবে। এটি পরিত্যক্ত নয়; কয়েক দিনের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। সেখানে মাদক সেবনের বিষয়টি আগে তার জানা ছিল না। এখন থেকে ওই এলাকায় নিয়মিত পুলিশি টহল দেওয়া হবে।
