সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম।
গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাদের বরখাস্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীতে তাদের চাকরির অবসান ঘটবে।
সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে এ আদেশ জারি করা হয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ উল্লেখ থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ বলা হয়েছে। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শালের বাইরেও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তার বরখাস্তের আদেশে সেনা আইন ও সংশ্লিষ্ট বিধিমালার উল্লেখ করে বলা হয়েছে, সেনাসদরের এমঅ্যান্ডকিউ পরিদপ্তরে সংযুক্ত থাকা অবস্থায় তাকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের আদেশেও একই আইনি বিধান উল্লেখ করা হয়েছে। তিনি ঢাকা সেনানিবাসে সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন।
সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল
এদিকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এই রদবদলের মাধ্যমে চারটি পদাতিক ডিভিশনের অধিনায়কত্বসহ আনসার ও ভিডিপি, বিপসট এবং বিআইআইএসএসের শীর্ষ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
রদবদলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে। ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।
এ ছাড়া জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) কর্মরত মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এই ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।
৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে প্রেষণে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি, মোজাম্মেল হোসাইন ও রাজুকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর ইমানিকে ১১ পদাতিক ডিভিশন এবং মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
