মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্যের মধ্যে কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন না।
রোববার জাতীয় সংসদে ৭১ বিধিতে আলোচনার সময় এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি—‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।’ ঠিক তেমনিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থেকেও বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা এর সর্বশেষ উদাহরণ।
সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার বক্তব্য তুলে ধরে রুমিন বলেন, একেকজন একেক ধরনের কথা বলছেন। এসব বক্তব্যের মধ্যে তিনি কোনো মিল খুঁজে পাচ্ছেন না।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান গত ৩ নভেম্বর বলেছিলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা তাঁকে ফিরিয়ে আনা হোক—সরকারের চাওয়া একটাই, তাঁর দেশে ফেরা ঠেকানোর কোনো ইচ্ছা সরকারের নেই।
রুমিন আরও বলেন, কিছুদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। পরে ৯ নভেম্বর তিনি বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ারও সরকারের কোনো পরিকল্পনা নেই। আবার অন্য একটি প্রতিবেদনে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ৯ নভেম্বর শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘সত্যতা আমি এখনো যাচাই করতে পারি নাই।’ আবেদনের আইনগত ভিত্তি যাচাই করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানিয়েছিলেন। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাঁকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
সংসদে বক্তব্য দেওয়ার জন্য রুমিন ফারহানার নির্ধারিত সময় ছিল দুই মিনিট। সময় শেষ হয়ে যাওয়ায় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। ফলে বক্তব্য শেষ করতে পারেননি তিনি।
