ডিসেম্বরে বিতর্কিত প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ছবি: সংগৃহীত
ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময়ে কোনো বিতর্কিত ব্যক্তি যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক।
এ সময় আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সারা দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির দায়িত্ব। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ পথে কোনো ব্যক্তি যাতে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে না পারে, তা নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি।
তিনি বলেন, রোববার ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি। সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়ন, দেশ ও জাতির প্রত্যাশা পূরণ এবং সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যেই সরেজমিনে এসব এলাকা পরিদর্শন করছেন।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে বিজিবির মহাপরিচালক বলেন, স্থানীয়দের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। সন্দেহজনক কারও যাতায়াত বা সীমান্ত দিয়ে প্রবেশ ও বের হওয়ার বিষয়ে কোনো তথ্য পেলে তা বিজিবিকে জানানোর অনুরোধ করছি। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
