প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচটি বিষয়ে গুরুত্ব দেবে দলটি।
রোববার (২২ নভেম্বর) অনুষ্ঠিত এনসিপির নির্বাহী পর্ষদের বর্ধিত সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তুতি ও আলোচ্য বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত দলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এশিয়া পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।
ওই নেতার দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকে এনসিপি পাঁচটি বিষয় তুলে ধরবে। সেগুলো হলো—
১. সংবিধান সংস্কার পরিষদ গঠন: সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে আলোচনা করবে এনসিপি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানাবে দলটি।
২. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন: গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি তুলে ধরবে এনসিপি।
৩. নেতাকর্মীদের নিরাপত্তা: এনসিপির নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের পেশিশক্তির ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাবে দলটি।
৪. গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার: জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেবে এনসিপি।
৫. আহতদের পুনর্বাসন: গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা ও যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে দলটি।
এনসিপির ওই নেতা আরও জানান, পাঁচ সদস্যের প্রতিনিধিদলে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের পাশাপাশি সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন থাকবেন। বাকি তিন সদস্যের নাম রোববার রাতের মধ্যে চূড়ান্ত করার কথা রয়েছে।
এদিকে রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি সংবাদ সম্মেলন করেন নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, জাতীয় ঐক্যের কথা এনসিপি শুরু থেকেই বলে আসছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে দলটি।
নাহিদ ইসলাম বলেন, ভারতের সহযোগিতায় পতিত শক্তি বাংলাদেশের জনগণ ও জুলাই বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখতে পারে। এ কারণে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
জাতীয় ঐক্যের জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকা জরুরি উল্লেখ করে তিনি বলেন, অতীতে বিএনপি যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য দলটিকে ক্ষমা চাইতে হবে। এরপরই জাতীয় ঐক্যের প্রস্তাব আসতে পারে।
তিনি আরও বলেন, শুধু আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য ডিসেম্বরে জাতীয় ঐকমত্যের কথা বলা হবে, আর জানুয়ারিতে একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে—এমন কোনো ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।
এর আগে কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন এবং তাদের প্রতিহত করার আহ্বান জানান।
এ জন্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই উদ্যোগের অংশ হিসেবেই এনসিপির সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
