অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের বিরোধের জেরে প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারসংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না (১৯)। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা এলাকায়। তার বাবার নাম নজরুল ইসলাম।
অভিযুক্ত ববি আক্তার (১৯) একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তিনি নগরীর সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনিক ও ববির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে অনিকের কথা বলা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জের ধরে সোমবার সকালে আলমনগর বাজারের নিকটবর্তী পালপাড়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ববি বাসায় ব্যবহৃত একটি ছুরি দিয়ে অনিকের পেটে আঘাত করেন। এতে তিনি সামান্য আহত হন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, ‘সম্প্রতি অনিক অন্য এক মেয়ের সঙ্গে কথা বলায় ওই তরুণী মনঃক্ষুণ্ন ছিলেন। আজ সকালে তাদের দেখা হওয়ার পর কথাবার্তার একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।’
ওসি আরও বলেন, দুপুরে অনিক থানায় এসে জানান, তিনি ওই তরুণীর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না। বিষয়টি তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
