পার্বতীপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম
ছবি: ভোরের কাগজ
দিনাজপুরের পার্বতীপুরে আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে পার্বতীপুর রেলস্টেশনে প্রবেশের আগ মুুহুর্তে এ দূর্ঘটনা ঘটে। গতি কম থাকায় অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনার থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। এর ফলে পার্বতীপুর থেকে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে প্রায় দুই ঘন্টা ট্রেন চলাচল ব্যহত হয়।
জানা গেছে, ঢাকা থেকে চিলাহাটীগামী ৭৬৫ নম্বর আপ আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পেছন থেকে দুই নম্বর বগির (নম্বর-৭৯০৫) সামনের চারটি চাকা পার্বতীপুর স্টেশনে প্রবেশের আগমুহূর্তে লাইনচ্যুত হয়। ওই বগির হুইল মেজারমেন্ট ভেঙ্গে যাওয়ার কারণে বগিটি লাইনচ্যুত হয়। ট্রেনের পরিচালক মো: সিফাত জানান ও ট্রেনের এসএসফিটার হুমায়ুন কবির জানান, হুইল মেজারমেন্টর বিষয়টি ৫ দিন আগে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে প্রথম তাদের নজরে আসে। গত রাতে (মঙ্গলবার দিবাগত রাত) চিলাহাটী থেকে ঢাকা যাওয়ার পথে সান্তাহার রেল স্টেশনে ক্যারেজ ফিটাররা এসে একবার ঠিক করে যায়। আজ বুধবার ট্রেনটি জয়পুরহাট থেকে বিরামপুর স্টেশনে পৌছানোর পর উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে অবহিত করলে তিনি ৬০ কি.মি স্পিডে গাড়ি চালিয়ে যেতে বলেন।
ট্রেনটির চালক (লোকোমোটিভ মাস্টার) মেহেদী হাসান জানান, ফুলবাড়ী রেলস্টেশনে আসার পরে তাকে অপিটি ধরিয়ে দেয়া হয়। ট্রেনের স্পীড পার্বতীপুর-সান্তাহার রেলপথে ৯০ কিমি হলেও উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ৬০ কিমি স্পীডে চালানো হয়। এরপরও পার্বতীপুর জংশন স্টেশনে প্রবেশ কালে দূর্ঘটনাটি ঘটে। পরে তিনটি বগি কেটে রেখে ট্রেনটি স্টেশনে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত পার্বতীপুর স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দেড় ঘন্টা বিলম্বে দুইটি বগি কেটে রেখে ট্রেনটি চিলাহাটী অভিমুখে ছেড়ে যায়। এরফলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশনে প্রায় দুই ঘন্টা আটকা পড়ে।
