মরিচ ক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি : সংগৃহীত
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় মরিচ ক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ৮ বছর বয়সী এক শিশুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনায় আহত শিশু রাহাত মাদবর ওই এলাকার সামসু মাদবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ভিটায় লাগানো মরিচ ক্ষেত থেকে মরিচ আনতে যায় রাহাত। এ সময় ভিটার মধ্যে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি খেলার বল ভেবে হাতে নেয় সে। নাড়াচাড়া করার এক পর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে রাহাতের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বাম হাতেও গুরুতর আঘাত পায় সে।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, ‘পরিত্যক্ত একটি ককটেল হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে শিশুটির ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম হাতেও গুরুতর আঘাত লাগে। ধারণা করা হচ্ছে যে বিরোধের জেরে কেউ সেখানে ককটেলটি ফেলে রেখে যেতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
