সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১৫৮ জনকে আসামি করে মামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শামীম ওসমান। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে কিশোর মো. আরাফাত হোসেন আকাশের (১৬) মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শামীম ওসমানসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এর আগে রবিবার (২২ সেপ্টেম্বর) নিহত আরাফাতের পিতা মো. আকরাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
আরো পড়ুন: রংধনু গ্রুপের পরিচালক মিজান ১০ দিনের রিমান্ডে
মামলার অন্যান্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, এনসিসি ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার হোসেন খোকন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা এবং ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম।
মামলায় উল্লেখ করা হয়, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে ওই মামলার ১ ও ৩ নম্বর আসামির নির্দেশে ৪ এবং ৮ নম্বর আসামিসহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে আকাশ গুলিবিদ্ধ হোন। পরে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরের মৃত্যু হয়।
