×

লাইফ স্টাইল

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে ৫টি অভ্যাস গড়ে তুলুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে ৫টি অভ্যাস গড়ে তুলুন

ফাইল ছবি

বয়স বাড়ার সঙ্গে শরীরে নানা পরিবর্তন আসে। এর প্রভাব পড়ে মস্তিষ্কেও। ধীরে ধীরে স্মৃতিশক্তি কমতে থাকে, চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় দেখা দিতে পারে পরিবর্তন। তবে বয়স বাড়লেই যে স্মৃতিশক্তি দুর্বল হবে বা ডিমেনশিয়ায় আক্রান্ত হতে হবে, এমনটি নয়। বরং অনিয়মিত জীবনযাপন, শারীরিক নিষ্ক্রিয়তা এবং কিছু শারীরিক সমস্যা অল্প বয়সেও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চিকিৎসকদের মতে, ডিমেনশিয়া হঠাৎ করে দেখা দেয় না। দীর্ঘদিনের কিছু অনিয়ম ও অসচেতনতা এ রোগের ঝুঁকি বাড়াতে পারে। তবে দৈনন্দিন জীবনে কয়েকটি অভ্যাস গড়ে তুললে মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখা এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমানো সম্ভব। চিকিৎসক এস এ মল্লিক এমনই পাঁচটি সহজ উপায়ের কথা জানিয়েছেন।

১. নিয়মিত শরীরচর্চা করুন, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটুন

মস্তিষ্ক সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। প্রতিদিন জিমে যাওয়ার সুযোগ না থাকলেও সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলতে পারেন। অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন ৩০ মিনিট করে হাঁটলেই যথেষ্ট। হাঁটাচলা মস্তিষ্কে রক্তসঞ্চালন বাড়াতে এবং মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় রাখতে সহায়তা করে। তাই ওজন নিয়ন্ত্রণ ও শারীরিক সুস্থতার পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখতেও নিয়মিত ব্যায়াম জরুরি।

২. রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব সমস্যা মস্তিষ্কের ক্ষুদ্র রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি।

৩. বই পড়ুন, আড্ডা দিন

মস্তিষ্ককে সচল রাখতে নিয়মিত মানসিক চর্চার পাশাপাশি সামাজিক যোগাযোগও গুরুত্বপূর্ণ। বই পড়া, ধাঁধা সমাধান, দাবা খেলা কিংবা নতুন কিছু শেখার অভ্যাস মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, গল্প করা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়াও জরুরি। দীর্ঘদিন সামাজিক বিচ্ছিন্নতায় থাকলে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়তে পারে। তাই ব্যস্ততার মধ্যেও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন।

আরও পড়ুন: রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

৪. শ্রবণ ও দৃষ্টিশক্তির যত্ন নিন

কম শোনা কিংবা চোখে ঝাপসা দেখার সমস্যা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই বয়স কম হোক বা বেশি, নিয়মিত চোখ ও কানের পরীক্ষা করানো প্রয়োজন। দৃষ্টিশক্তির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চশমা ব্যবহার করুন। একইভাবে শ্রবণশক্তি কমে গেলে প্রয়োজন অনুযায়ী হিয়ারিং এইড ব্যবহার করতে পারেন। এতে মস্তিষ্কের ওপর বাড়তি চাপ কমানো সম্ভব।

৫. পর্যাপ্ত ঘুমান, খাবারে আনুন পরিবর্তন

মস্তিষ্ক সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকের মতে, যাঁরা নিয়মিত কম ঘুমান, তাঁদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকতে পারে। ঘুমের সময় মস্তিষ্কের বর্জ্য পদার্থ অপসারণের প্রক্রিয়া সক্রিয় থাকে। তাই প্রতিদিন পর্যাপ্ত ও নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তুলুন।

পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, বাদাম ও মাছ রাখুন। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি ও মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। সুষম খাদ্যাভ্যাস মস্তিষ্কের পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে।

ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে বয়স বাড়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। বরং অল্প বয়স থেকেই স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং সামাজিক যোগাযোগ বজায় রাখা জরুরি। দৈনন্দিন জীবনে এই পাঁচটি অভ্যাস গড়ে তুললে মস্তিষ্কের কার্যক্ষমতা দীর্ঘদিন ভালো রাখতে এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সহায়তা পাওয়া যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের বাড়ল এলপিজির দাম

ফের বাড়ল এলপিজির দাম

গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

শ্রমিক আন্দোলন গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে ৫টি অভ্যাস গড়ে তুলুন

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে ৫টি অভ্যাস গড়ে তুলুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App