বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০১:০৭ পিএম
গত ১৬ আগস্ট মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়। ছবি : ভোরের কাগজ
মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়জুল ইসলাম রাজন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শাহ আলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে শাহ আলী থানার সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। শাহ আলম ৯৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জয়েন সেক্রেটারি।
রাজধানীর মিরপুর-১০ এলাকায় ভিকটিম ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় গত ১৬ আগস্ট মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে ফয়জুল ইসলাম রাজন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত রাজনকে মিরপুর-৬ এলাকার ডাক্তার আজমল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়জুল ইসলাম রাজন হত্যায় জড়িত মো. শাহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো পড়ুন : সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার
