×

ঢাকা

রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৩:০৯ পিএম

রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন

ছবি ‍: ভোরের কাগজ

রামিসা, আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করে সোনারগাঁও উপজেলা খেলাঘর।

শুক্রবার (২২ মে) সকাল ১১টায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে খেলাঘরের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বক্তারা বলেন, শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা দিন দিন উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। দেশের রাজনীতিবিদরা ভারতবিরোধী ইস্যু নিয়ে ব্যস্ত, অথচ দেশের শিশুরা প্রতিনিয়ত ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে- সেদিকে কারও খেয়াল নেই।

এ সময় একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তারা বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে হবে এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।

বক্তারা আরো বলেন, গত প্রায় দেড় বছরে দেশে ৫৮০ জন শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৮৩টি শিশুকে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা ভাবার সময় এসেছে।

তারা বলেন, বর্তমানে শিশুরা কোথাও নিরাপদ নয়। খুব দ্রুত এমন কার্যকর সিদ্ধান্ত নিতে হবে, যাতে শিশুদের নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যদের কোনো শঙ্কায় থাকতে না হয়।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী রামিসার বাড়িতে গিয়ে দ্রুত বিচারের যে আশ্বাস দিয়েছেন, তার বাস্তব প্রতিফলন দেখতে চান তারা। পাশাপাশি শুধু কোনো ঘটনা ঘটার পর নয়, বরং আগেই যেন শিশুরা নিরাপদ থাকতে পারে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তারা বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। ধর্ষক ও হত্যাকারীদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয়ের ভিত্তিতে ছাড় দেওয়া যাবে না।

খেলাঘরের সংগঠক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খেলাঘরের সভাপতি হাসি আলম, সোনারগাঁও উপজেলা খেলাঘরের সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, শিশু সাহিত্যিক ও সিসিমপুরের সাবেক কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম, সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক রবিউল হুসাইন, খেলাঘরের সদস্য আনোয়ার হোসেন, কাজী নাজমুল ইসলাম লিটু, আলেয়া আক্তার, উপজেলা উদীচীর সভাপতি শংকর প্রকাশ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই

সেলিম উদ্দিন ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই

হামের পর পাহাড়ে ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক

হামের পর পাহাড়ে ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক

ব্যাংক খোলা থাকবে শনিবার

ব্যাংক খোলা থাকবে শনিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App