মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করতে গিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল সামসুল জানতে পারেন, নিহত শিশুটি তারই ছেলে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কনস্টেবল সামসুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত। তাদের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাক তুহিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্বের অংশ হিসেবে ঘটনাস্থলে যান কনস্টেবল সামসুল। তখনও তিনি জানতেন না, যে শিশুর মরদেহ উদ্ধার করতে যাচ্ছেন, সেটি তার নিজের সন্তানের।
ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দেখে তিনি স্তব্ধ হয়ে যান। নিজের সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। হৃদয়বিদারক এ দৃশ্য উপস্থিত সবাইকে শোকাহত করে তোলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, কনস্টেবল সামসুল থানার একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি থানার সব সদস্যের জন্যই অত্যন্ত মর্মান্তিক।
তিনি আরও জানান, মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
