×

ঢাকা

পরিবারের দাবি হত্যা

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী উধাও

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:২১ পিএম

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী উধাও

স্বজনদের আহাজারি। ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে সুমাইয়ার স্বামী মো. জসীম কাজী গা-ঢাকা দিয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, সুমাইয়াকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হতে পারে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সুমাইয়া শিমু শৈলমারী গ্রামের মো. মোস্তফা শেখের মেয়ে। পাঁচ বোনের মধ্যে তিনি চতুর্থ। তার স্বামী জসীম কাজী পেশায় কাঠমিস্ত্রি। ২০১৮ সালে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। এই দম্পতির শামিউল বারী (৬) নামে একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই বিরোধ হতো। শুক্রবার দুপুরের দিকে স্বামীর সঙ্গে বিরোধের পর সুমাইয়া পাশের পাকুড়িয়া গ্রামে তার মেজ বোনের বাড়িতে ছেলেকে রেখে কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়ির দিকে চলে আসেন। পরে তাকে কোথাও পাওয়া না গেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

সুমাইয়ার ছোট বোন মিম খাতুন অভিযোগ করেন, জসীম কাঠমিস্ত্রির কাজ করলেও নিয়মিত কাজ করতেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবারও তাদের মধ্যে ঝগড়া হয় এবং জসীম বাড়ির কিছু আসবাবপত্র ভাঙচুর করেন বলে তিনি দাবি করেন।

মিম খাতুনের ভাষ্য, বিষয়টি জানতে পেরে তারা জসীমকে সুমাইয়াকে খুঁজতে বলেন। এ সময় জসীম তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ তার। মিমের দাবি, জসীম বলেছিলেন, ‘সুমাইয়া বাড়িতে আসুক, পেট্রোল এনে ঘরে আগুন দিয়ে সব জ্বালিয়ে দেব।’

পরিবারের সদস্যরা জানান, এ কথার পর তারা উদ্বিগ্ন হয়ে সুমাইয়াকে আশপাশে খুঁজতে থাকেন। মাগরিবের আগে জসীমের বাড়িতে গিয়ে ঘরে তালা দেওয়া দেখতে পান তারা। পরে সন্ধ্যার দিকে জসীম ফোন করে সুমাইয়ার এক স্বজনকে জানান, সুমাইয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

এরপর পরিবারের সদস্যরা ওই বাড়িতে গিয়ে সুমাইয়ার লাশ ঘরের আড়ার সঙ্গে শাড়ির ছেঁড়া পাড়ের অংশ দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানান। তাদের দাবি, লাশটির পা মেঝেতে ঠেকে ছিল। এ অবস্থায় তারা সুমাইয়ার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন।

এ ঘটনার পর থেকে জসীম কাজী বা তার পরিবারের লোকজন গা-ঢাকা দেওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে নিহতের পরিবারের সদস্যরা এটিকে হত্যা বলে দাবি করছেন। তারা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেননি।’

ওসি বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ায় কাজের স্বপ্ন, শেষে ইউক্রেনে যুদ্ধবন্দি বাংলাদেশি তরুণ

রাশিয়ায় কাজের স্বপ্ন, শেষে ইউক্রেনে যুদ্ধবন্দি বাংলাদেশি তরুণ

মঞ্চ মাতাতে এবার ঢাকায় আসছে পাকিস্তানি র‍্যাপার

মঞ্চ মাতাতে এবার ঢাকায় আসছে পাকিস্তানি র‍্যাপার

মার্কিন ভিসায় নতুন নিয়ম

মার্কিন ভিসায় নতুন নিয়ম

‘মেট্রোর স্টেশনে ব্যাগে পাওয়া গেল জর্দার কৌটা ও পান’

‘মেট্রোর স্টেশনে ব্যাগে পাওয়া গেল জর্দার কৌটা ও পান’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App