ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
ছবি : সংগৃহীত
ইব্রাহিমের একমাত্র গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও বিশ্বনাথের কয়েকটি ব্যর্থ প্রচেষ্টা এবং ভুটানের জমাট রক্ষণভাগের কারণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
শুরুতে দুই উইং ব্যবহার করে আক্রমণ সাজায় বাংলাদেশ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি এবং দূরপাল্লার শটেও গোলের চেষ্টা চালায় দলটি।
প্রথমার্ধে বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল বাংলাদেশ। এ সময় ৬৪ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। অন্যদিকে ভুটানের দখলে ছিল ৩৬ শতাংশ। প্রথমার্ধে বাংলাদেশের নেওয়া ১২টি শটের বিপরীতে ভুটান শট নেয় চারটি। তবে লক্ষ্যে শটের সংখ্যা ছিল দুই দলেরই সমান—দুটি করে।
বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। অবশেষে ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ইব্রাহিমের গোলে এগিয়ে যায় দল।
বক্সে করা একটি ক্রস থেকে গোলের সুযোগ তৈরি হয়। সেই বলে হেড করেন শমিত সোম। তাঁর হেডে বল ওপরের দিকে উঠে গেলে গোলমুখের সামনে সুযোগ পেয়ে যান ইব্রাহিম। দারুণভাবে পায়ে স্পর্শ করে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লিড এনে দেন এই বদলি ফরোয়ার্ড।
গোলের পর দুই দলই একাধিক আক্রমণের সুযোগ তৈরি করে। তবে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১১ নভেম্বর। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এদিকে দিনের অন্য ম্যাচে ‘বি’ গ্রুপের লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত।
