কথা কাটাকাটির জেরে গাড়ি থেকে পিস্তল বের করে গুলি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে প্রাইভেট কার থেকে পিস্তল বের করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে যাচ্ছিল একটি প্রাইভেট কার। ভাঙ্গা হাইওয়ে থানার সামনে মহাসড়কের ওপর গাড়িটি থামানো হলে স্থানীয় কয়েকজন সেটি রাস্তার পাশে সরিয়ে নিতে বলেন। এ নিয়ে গাড়িতে থাকা এক যুবক ও এক তরুণীর সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে কয়েকজন স্থানীয় যুবক সেখানে এগিয়ে এলে ওই যুবক গাড়িতে উঠে একটি ব্যাগ থেকে পিস্তল বের করেন বলে অভিযোগ। এরপর তিনি পরপর দুটি গুলি ছুড়ে দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আরও পড়ুন: ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...
গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় লোকজন ছোটাছুটি করতে গিয়ে দুজন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রাইভেট কারের ভেতর থেকে এক যুবক পিস্তল বের করে গুলি ছুড়ছেন। গুলি করার সময় তাকে গালাগাল করতেও দেখা যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।
স্থানীয়রা জানায়, গুলি ছোড়ার পর ওই যুবক ও তরুণী গাড়ি নিয়ে খুলনার দিকে চলে যান। তবে গাড়িটির নম্বর এবং ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু বলেন, গুলিবর্ষণের ভিডিও পুলিশের হাতে এসেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ভিডিওসহ বিভিন্ন তথ্য যাচাই করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
