কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে-গুলি করে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম
সিসিটিভির ভিডিও থেকে। ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জে পূর্বশত্রুতার জেরে ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ফরহাদ মোহাম্মদপুর-রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ সদস্য ছিলেন। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বসিলা ব্রিজসংলগ্ন কেরানীগঞ্জের আরশিনগর এলাকার একটি সেলুনে চুল কাটাতে যান ফরহাদ। সেখানে প্রতিপক্ষের কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও ফরহাদের বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ফরহাদের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। দুপুরে চুল কাটানোর জন্য তিনি আরশিনগর এলাকার ওই সেলুনে গিয়েছিলেন।
আরও পড়ুন: পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য, ৭ মাস পর বাবার দেখা পেল শিশু রায়হান
সাকিবের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ কয়েকজন ফরহাদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, ‘হামলাকারীরা ফরহাদকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।’
পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও বন্ধুরা ঘটনাস্থল থেকে ফরহাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে কয়েকজন যুবককে পিস্তল ও চাপাতি হাতে একটি স্থাপনায় প্রবেশ করতে দেখা যায়। কিছুক্ষণ পর ওই দরজা দিয়ে দুজনকে দৌড়ে বেরিয়ে যেতে দেখা যায়।
এরপর কয়েকজন যুবক লুঙ্গি পরা এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় টেনে বাইরে নিয়ে আসে। বাইরে আনার পরও ওই ব্যক্তি বাঁচার চেষ্টা করছিলেন। এ সময় দুজন তাকে ধরে রাখে এবং একজন চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ফুটেজে হামলাকারীদের একজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা যায়।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
নিহত ফরহাদ হোসেন ভোলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন।
কিশোর গ্যাংয়ের বিরোধে আগেও হত্যা
এর আগে গত ১২ এপ্রিল বিকেলে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় দুই কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। এর কয়েক মাসের ব্যবধানে কেরানীগঞ্জে কিশোর গ্যাং-সংশ্লিষ্টতার অভিযোগ থাকা এক যুবক হত্যার ঘটনায় এলাকাটিতে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।
