×

ঢাকা

মন্দিরের কালীমূর্তি চুরি, বোয়ালমারী-আলফাডাঙ্গার চারজন গ্রেপ্তার

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

মন্দিরের কালীমূর্তি চুরি, বোয়ালমারী-আলফাডাঙ্গার চারজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা চুরির ঘটনায় বোয়ালমারী ও আলফাডাঙ্গার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারী ও আলফাডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া কালীমূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি এসব তথ্য জানান। গ্রেপ্তার চারজন হলেন- আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের আসাদুজ্জামান সাদ্দাম (৩৮), তাঁর মা সাজেদা বেগম (৬৫), বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং বোয়ালমারী এলাকার আতিয়ার রহমান।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ি মন্দিরে পূজা-অর্চনা শেষে সেবায়েত ও মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী মন্দিরের দরজা-গেটে তালা লাগিয়ে চলে যান। পরদিন সকালে গিয়ে তিনি দেখতে পান, মন্দিরের তালা কাটা এবং ভেতর থেকে কালীমূর্তিসহ স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা চুরি হয়েছে। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সাজেদা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে আলফাডাঙ্গার বুড়াইচ গ্রামের তাঁর বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে চুরি যাওয়া স্বর্ণ-রৌপ্যের অলংকার ও ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়। এ ছাড়া আসাদুজ্জামান সাদ্দাম ও আল আমিন মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারীর উপজেলার  রূপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারী বাজারের স্বর্ণপট্টির একটি জুয়েলারি দোকানে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, দোকানটির মালিক আতিয়ার রহমানের স্বীকারোক্তির ভিত্তিতে চুরি হওয়া প্রতিমার কানের দুল, টিকলিসহ অন্যান্য অলংকার গলিয়ে তৈরি করা প্রায় আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া কষ্টিপাথরের কালীমূর্তিটির ওজন প্রায় ২০ কেজি এবং আনুমানিক মূল্য এক কোটি টাকা। মূর্তিটির গায়ে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকারের মূল্য প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন পিতলের প্রতিমা ও প্রায় ৩০ ভরি রৌপ্যের অলংকার চুরি হয়েছিল।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি বলেন, প্রথমদিকে কোনো নির্দিষ্ট সূত্র না থাকায় ঘটনাটি ক্লু-লেস মনে হলেও তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে ছয় দিনের মধ্যে কালীমূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসাদুজ্জামান সাদ্দামের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি ও মূর্তি চুরিসহ ১০টির বেশি মামলা রয়েছে। আল আমিন মোল্লার বিরুদ্ধেও একই ধরনের আটটির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলা-ভাঙচুর-লুটপাট-জবরদখল নিয়ে যা বলল টিআইবি

হামলা-ভাঙচুর-লুটপাট-জবরদখল নিয়ে যা বলল টিআইবি

গর্ভবতী নারীকে পুড়িয়ে হত্যা, অতঃপর

গর্ভবতী নারীকে পুড়িয়ে হত্যা, অতঃপর

সরকারি চাকরিজীবীদের ২ দিনের ছুটি ঘোষণা

সরকারি চাকরিজীবীদের ২ দিনের ছুটি ঘোষণা

ঢাকায় চাঁদাবাজির ভয়াবহ চিত্র, ৮ মাসে ৭২৩ মামলা

ঢাকায় চাঁদাবাজির ভয়াবহ চিত্র, ৮ মাসে ৭২৩ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App