কলেজছাত্রীকে তুলে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম
রিজভী। ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিজভীর পাশাপাশি তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রীর পরিবার।
আরও পড়ুন: অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে পিয়ার আলী কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে যান। এ সময় রিজভী তার কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে ওত পেতে ছিলেন। ছাত্রীটি দোকানের সামনে পৌঁছামাত্র তাকে জোরপূর্বক টেনে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে দ্রুত চলে যান তারা।
ছাত্রীর স্বজনদের অভিযোগ, কলেজে যাওয়া-আসার পথে বখাটে রিজভী দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি তার মা-বাবাকে জানানো হলে তারা ছেলেকে শাসন করার বদলে উল্টো ছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। তবে ছাত্রীর পরিবার সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে।
দলীয় বহিষ্কার
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার রাকিব হোসেনের সই করা এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রিজভীকে পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়।
এদিকে অভিযোগ পাওয়ার পর থেকেই অপহৃত ছাত্রীকে উদ্ধারে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম জানান, স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন সন্দেহভাজন বাড়িতে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
