ককটেল আতঙ্কে ঢাবি, যান চলাচল ও প্রবেশে কড়াকড়ি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ক্যাম্পাসে যানবাহন চলাচল ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
টানা তিন দিন ককটেল বিস্ফোরণ
গত রোববার থেকে টানা তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হাতবোমা বিস্ফোরিত হলে চালকসহ দুজন আহত হন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থী, এক কর্মকর্তা ও এক কর্মচারীসহ মোট তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে।
এ ছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে।
আতঙ্কে চীনে ফিরেছেন দুই শিক্ষার্থী
ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে দুই চীনা শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন। আরও ছয়জনের ১৩ নভেম্বর চীন যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল পি জে হার্টগ ইন্টারন্যাশনালের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার।
তিনি গণমাধ্যমকে বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এ কারণে দুজন শিক্ষার্থী চীনে ফিরে গেছেন।
তিনি আরও বলেন, আরও ছয়জনের কয়েক দিন পর যাওয়ার কথা থাকলেও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের আতঙ্কে তারা ১৩ নভেম্বরই দেশ ছাড়বেন।
