স্ত্রীকে হারিয়ে ক্ষোভে নিজ শরীরে আগুন দিল যুবক
মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ)
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ার পর ক্ষোভে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জীবন (২০) নামের এক যুবক।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আঙ্গারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আহত জীবন ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
আরো পড়ুন: বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন ও ১৬ বছর বয়সী মিম পালিয়ে বিয়ে করে আঙ্গারিয়া এলাকায় জীবনের বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে মিমের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে মিমকে সঙ্গে নিয়ে চলে যান। এ সময় জীবন বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে জীবন নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন, এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা খোঁজখবর রাখছি। কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
