হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আবারও জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) অজ্ঞাত একটি বস্তুর আঘাতে একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই দিনে প্রণালিতে পুঁতে রাখা মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন বিপৎসংকেত বা মেডে পাঠান। তিনি জানান, ওই এলাকায় অন্য একটি জাহাজ অজ্ঞাতপরিচয় বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রোববার আইআরজিসির নৌবাহিনী দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজ দুটি সমুদ্রের নিচে পুঁতে রাখা মাইনের সংস্পর্শে আসে। এতে ট্যাংকার দুটিতে বিস্ফোরণ ঘটে।
এদিকে, এর আগে শুক্রবার কাতারের একটি গ্যাসবাহী ট্যাংকারে হামলার খবর প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় জলসীমা দিয়ে চলাচলের সময় অজ্ঞাতপরিচয় বস্তুর আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
হামলার শিকার জাহাজটির নাম ‘আল-মায়েদা’। এটি কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহণকারী ট্যাংকার।
কাতার নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় জাহাজটিতে থাকা কোনো নাবিক আহত হননি। পাশাপাশি পরিবেশেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি জানিয়েছে, জাহাজটি নিরাপদ অবস্থায় রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ অঞ্চলে ধারাবাহিক হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌ-বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
