×

জাতীয়

শফিকুল আলম

‘শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

‘শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি’

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের নতুন অবস্থান নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠানোর প্রয়োজন নেই। ভারত চাইলে স্থলবন্দর দিয়ে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। এমনকি সীমান্ত দিয়ে পুশ-ইনও করতে পারে বলে কটাক্ষ করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন শফিকুল আলম।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের ঠেকা পড়েছে একজন খুনি, মানবতাবিরোধী আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে সামরিক বিমান পাঠিয়ে দেশে নিয়ে আসবে! মামাবাড়ির আবদার! পারলে দিল্লি তাকে স্থলবন্দর দিয়ে পাঠিয়ে দিক, নতুবা সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক!’

রক্তস্নাত জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে গত সোমবার (৯ নভেম্বর) তিনি এ আবেদন করেন।

রয়টার্সের প্রতিনিধি কৃষ্ণা এন. দাসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে এ আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না।

প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিটি পাঠিয়েছেন। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন করে এসব নথি দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

চিঠিটি ই-মেইলে পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান বলেন, শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পেয়েছে হাইকমিশন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে এটি পাঠানো হয়েছে। বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

তবে সাইদুর রহমান বলেন, আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না এবং ম্যাট্রিক্স চেম্বার্স তাঁর অনুমোদিত প্রতিষ্ঠান কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবর রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গত কয়েক দিন ধরে ডিসেম্বরে তাঁর দেশে ফেরার গুঞ্জন চলায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারতের কাছ থেকে ফেরত আনতে হবে। তাঁকে কোনোভাবেই নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। শুধু বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার বিষয়ে সমালোচনার মুখে পড়ছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়, ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারত শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে চলে যাওয়া। অতীতে এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে দিল্লির আলোচনা হলেও নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি। ফলে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়াকেই এখন একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছে ভারত।

এ ছাড়া বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও শেখ হাসিনার দেশে ফেরা ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে দিল্লির নীতিনির্ধারকদের মধ্যে মত তৈরি হয়েছে।

বিবিসিকে দিল্লির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে ভারতের প্রধানত দুটি শর্ত রয়েছে।

প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন, তাঁকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও একইভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে। এ প্রক্রিয়া আকাশপথে সামরিক বিমান পাঠিয়ে অথবা স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টে গিয়ে তাঁকে গ্রহণ করার মাধ্যমে সম্পন্ন হতে পারে। এ জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত রয়েছে।

দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর

‘শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি’

শফিকুল আলম ‘শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি’

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের আশা ভারতের

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের আশা ভারতের

‘ফ্যাসিবাদ-স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ’

‘ফ্যাসিবাদ-স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App