বুবলী লিখলেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে পুরো বাংলাদেশ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও চলছে টানটান উত্তেজনা। আর এই উন্মাদনার মাঝেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতি নিজের অন্ধ ভালোবাসার কথা প্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী। দল জিতুক কিংবা হারুক- তার সমর্থন যে সবসময় ‘সেলেসাও’দের দিকেই থাকবে, তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের চিরচেনা হলুদ-সবুজ জার্সি গায়ে জড়ানো একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে তাকে বেশ প্রাণোচ্ছল দেখাচ্ছিল। পোস্টটি শেয়ার করার পরপরই তা নেটজনতার নজর কাড়ে এবং ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে।
ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’
শুধু বর্তমান দলের প্রতি ভালোবাসাই নয়, এই পোস্টের মাধ্যমে বুবলী ফিরে গেছেন তার শৈশবের সোনালি দিনগুলোতে। ফুটবল নিয়ে ছোটবেলার নস্টালজিয়া প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’ অর্থাৎ, ব্রাজিলের কিংবদন্তি তারকাদের খেলা দেখেই যে তার ফুটবল আবেগের জন্ম, সেটি তিনি মনে করিয়ে দিলেন।
ঢালিউডের এই নায়িকা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১১ মে সেখানে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন, যা তার দ্বিতীয় সন্তান। মাতৃত্বকালীন এই ছুটির মাঝেই চলতি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘পিনিক’।
