‘একদিন শাকিবকে লাঞ্ছিত করেছি, আজ সে নিজের উচ্চতায় প্রতিশোধ নিচ্ছে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
দর্শকের কাছে জ্যাকি আলমগীর কৌতুকাভিনেতা হিসেবে পরিচিত মুখ। দীর্ঘ অভিনয় জীবনে নানা চরিত্রে অভিনয় করলেও দর্শককে হাসানোর জন্যই তিনি বেশি প্রশংসিত। বর্তমানে নিয়মিত সিনেমায় অভিনয় না করলেও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটিতে দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন জ্যাকি আলমগীর।
তার মতে, ক্যারিয়ারের শুরুতে শাকিব খানকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেতা।
জ্যাকি আলমগীর বলেন, “শাকিব খানকে অনেক সংগ্রাম করতে হয়েছে। ক্যারিয়ারের শুরুতে প্রথম ছবি করতে যাওয়ার সময় তাকে বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল। সময়ের সঙ্গে ধাপে ধাপে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে আজকের অবস্থানে এসেছে সে।”
শাকিব খানের ক্যারিয়ারের শুরুর দিকের একটি নির্বাচনের প্রসঙ্গও টানেন জ্যাকি। তার দাবি, ওই সময় এফডিসিতেই শাকিবকে লাঞ্ছিত ও মারধর করা হয়েছিল।
আরও পড়ুন: অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
তিনি বলেন, “শাকিব খান একটা নির্বাচনে মার খেয়েছে। এই ইন্ডাস্ট্রির মানুষেরাই করেছে সেটা। এই এফডিসিতেই তাকে লাঞ্ছিত করা হয়েছে। এটা সবাই জানেন। ঘটনাটি আমাদের সিনেমার জন্য একটি বাজে অধ্যায় ছিল।”
তবে সময়ের সঙ্গে শাকিব খান যে চলচ্চিত্র অঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন, সেটিও স্বীকার করেন জ্যাকি। তার ভাষায়, পাঁচ-সাত বছর আগেও তাদের সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতা ছিল। এখন নিজের আলাদা জগৎ তৈরি করেছেন এই নায়ক।
জ্যাকি বলেন, “শাকিব খান এখন আমাদের থেকে দূরে। পাঁচ-সাত বছর আগেও আমরা একসঙ্গে ছিলাম। এখন সে অন্য একটি প্ল্যাটফর্মে, তার নিজস্ব জগৎ আছে। তার মেধা, বুদ্ধি, ধন-সম্পদ—সবই এখন আমার চেয়ে বেশি। তাই সে কেন আমার কথা শুনবে?”
শাকিব খানের বর্তমান অবস্থানকে নিজের ব্যক্তিগত বিশ্লেষণ হিসেবে ব্যাখ্যা করে জ্যাকি আরও বলেন, “আমার মনে হয়, একদিন আমরা শাকিব খানকে লাঞ্ছিত করেছি, আজ সে প্রতিশোধ নিচ্ছে। আর সেটা সে করছে নিজেকে সবার চেয়ে উচ্চতায় প্রতিষ্ঠা করে। এটা আমার ভাবনা, শাকিবের নিজের কথা নয়। আমার এই ধারণা সত্য নাও হতে পারে।”
১৯৮২ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন জ্যাকি আলমগীর। দীর্ঘ ক্যারিয়ারে ‘লড়াকু’, ‘বজ্রমুষ্টি’, ‘আম্মাজান’, ‘প্রেম দিওয়ানা’ ও ‘কাবুলিওয়ালা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
