হাম উপসর্গে একদিনে আরো ৫ শিশুর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম
ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন আরও ৯৫৯ জন।
বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এই সময়ে পরীক্ষার মাধ্যমে কোনো মৃত্যুকেই হামজনিত বলে নিশ্চিত করা হয়নি।
আরো পড়ুন: ই-টিকিটিং সেবা চালু হলো বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগে
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন।
এদিকে, গত এক দিনে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ১২৪ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে রোগীর সংখ্যা ৩৯৪। এরপর চট্টগ্রামে ১৯৪, সিলেটে ১১৯, বরিশালে ১১৪, খুলনায় ৬০, ময়মনসিংহে ৩৭, রাজশাহীতে ৩১ এবং রংপুর বিভাগে ১০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
