সৌদির পক্ষে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:১৬ এএম
ছবি : সংগৃহীত
সৌদি আরবের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের সামরিক তৎপরতা মোকাবিলায় যুক্তরাষ্ট্রও যুদ্ধে অংশ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলার খবর সামনে আসার পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়।
হোয়াইট হাউস থেকে টেনেসিতে একটি নির্বাচনি সমাবেশে যাওয়ার পথে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের লড়াইয়ে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতে পারি। বিষয়টি খতিয়ে দেখব।’ তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে সাম্প্রতিক হামলার খবর আমরা মাত্রই জানতে পেরেছি। তাই আমরা সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব।’
শনিবার সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। এরপর আরেকটি হামলায় আরও অনেকে হতাহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এখনো এসব হামলার দায় স্বীকার করেনি।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার অংশ ছিল বিমানবন্দরের ঘটনাটি। তবে হামলার ধরন ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনা ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে ট্রাম্পের অবস্থানে কোনো পরিবর্তন আনবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে তিনি এগোবেন না।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখব।’
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বক্তব্যে সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। তবে এ বিষয়ে ওয়াশিংটন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা স্পষ্ট নয়।
