×

অর্থনীতি

রিজার্ভ চুরির অভিযোগপত্র

৬ দেশের ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জড়িত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম

৬ দেশের ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জড়িত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত ঘটনায় সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত শেষে একটি খসড়া অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করে আইনি মতামতের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সিআইডির মুখপাত্র জসীমউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘ তদন্তের পর দেশের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় অভিযোগপত্রের খসড়া প্রস্তুত করা হয়েছে।

সিআইডি সূত্রে জানা যায়, প্রায় ১৫০ পৃষ্ঠার অভিযোগপত্রে বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলঙ্কা, জাপান ও উত্তর কোরিয়াসহ ছয় দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১০ জনের নাম রয়েছে।

যাদের নাম এসেছে

অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ছাড়াও সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান এবং উপপরিচালক জোবায়ের বিন হুদার নাম রয়েছে।

এ ছাড়া কে এম আব্দুল ওয়াদুদ, রেজাউল করিম এবং মো. সুলতান মাসুদ আহমেদ নামের আরও তিন বাংলাদেশিকেও অভিযুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে শেষোক্ত তিনজনের পূর্ণ পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা

রিজার্ভ চুরির ঘটনা প্রকাশের পর বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা রাকেশ আস্থানার নেতৃত্বে একটি ফরেনসিক অডিট পরিচালিত হয়। তদন্তে অভিযোগ ওঠে, ওই অডিট চলাকালে গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।

তদন্তে হ্যাকিং, অর্থ পাচার এবং চুরির ঘটনায় ভারতীয় নাগরিক প্রীতম রেড্ডি, সুধীন্দ্র আথ্রেশ, নীলভান্নান এবং মাদুক্কুর আনন্দনের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে উত্তর কোরিয়াভিত্তিক ল্যাজারাস গ্রুপ এবং পার্ক জিন হিয়োকের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি গাও শুহুয়াসহ দুইজন চীনা নাগরিকের নাম উঠে এসেছে।

এ ছাড়া জাপানের সাসাকি নামের এক ব্যক্তিকেও অভিযুক্ত তালিকায় রাখা হয়েছে।

শ্রীলঙ্কা ও ফিলিপাইনের সংযোগ

তদন্তে উঠে এসেছে, চুরি হওয়া অর্থের একটি অংশ শ্রীলঙ্কায় স্থানান্তরের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় শ্রীলঙ্কার হেগোডা গামাগে শ্যালিকা পেরেরাসহ আট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া ফিলিপাইনের সোলেয়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো, কাম সিন অংসহ মোট ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই অর্থ পাচার ও লেনদেন প্রক্রিয়ার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তদন্তে উত্তর কোরিয়ার আরও দুই ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে।

তদন্ত শেষ, চার্জশিটের অপেক্ষা

মামলার তদন্ত কর্মকর্তা এবং সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আল মামুন বলেন, তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এখন আর কোনো অনুসন্ধান বাকি নেই। আইনি পরামর্শ পাওয়ার পর দ্রুত আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার আশা করছেন তারা।

তিনি জানান, খসড়া অভিযোগপত্র ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।

পর্যালোচনা কমিটির তত্ত্বাবধান

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত বছরের ১১ মার্চ অন্তর্বর্তীকালীন সরকার সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে প্রধান করে ছয় সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে। কমিটির সদস্যদের মধ্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও ছিলেন।

এই কমিটির তত্ত্বাবধানে মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়। পরে চলতি বছরের ১ মার্চ প্রস্তুত করা খসড়া অভিযোগপত্র আইনি পর্যালোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরির ঘটনা প্রকাশ্যে আসে, যা দেশের ইতিহাসে অন্যতম আলোচিত আর্থিক জালিয়াতি হিসেবে বিবেচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App