×

অর্থনীতি

দেশের সব ব্যাংককে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

দেশের সব ব্যাংককে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

ছবি : সংগৃহীত

আমানতের বিপরীতে পরিশোধ করা সুদ বা মুনাফার ওপর সঠিক হারে উৎসে কর কর্তন এবং নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিপিআরডি-১) থেকে জারি করা এক সার্কুলার লেটারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে আমানতের সুদ বা মুনাফার ওপর উৎসে কর কর্তন এবং কর্তন করা অর্থ নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, উৎসে কর কর্তনের ক্ষেত্রে আইনানুগ হার ও বিধান যথাযথভাবে অনুসরণ না করায় পরবর্তী সময়ে কর সমন্বয় ও নিরীক্ষা কার্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে সঠিক হারে কর কর্তন না করায় সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ১০২ অনুযায়ী, সঞ্চয়ী, স্থায়ী, মেয়াদি বা অন্য কোনো ধরনের আমানতের বিপরীতে গ্রাহককে দেওয়া সুদ বা মুনাফার ওপর প্রাপকের ধরন অনুযায়ী প্রযোজ্য হারে উৎসে কর কাটতে হবে।

এ ছাড়া আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪২ অনুযায়ী, কোনো করদাতা রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা ‘প্রুফ অব সাবমিশন অব রিটার্ন’ (পিএসআর) দিতে ব্যর্থ হলে প্রযোজ্য হারের চেয়ে ৫০ শতাংশ বেশি হারে উৎসে কর কর্তন বা সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন: বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

উৎসে কর বিধিমালা, ২০২৩ অনুযায়ী, কর্তন বা সংগ্রহ করা অর্থ নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত কোনো মাসে কর কর্তন বা সংগ্রহ করা হলে সংশ্লিষ্ট মাস শেষ হওয়ার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

তবে জুন মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে কোনো দিন কর কর্তন বা সংগ্রহ করা হলে তা পরবর্তী সাত দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। আর জুন মাসের ২০ তারিখের পর কর কর্তন বা সংগ্রহ করা হলে পরবর্তী দিনই তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কর্তৃক কর্তন করা উৎসে কর নির্ধারিত সময়সীমার পর জেনারেল লেজার বা অন্য কোনো হিসাবে রাখা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই সরকারি কোষাগারে অর্থ জমা দিতে হবে।

আরও পড়ুন: আবারও বাড়লো স্বর্ণের দাম

একই সঙ্গে উৎসে কর কর্তনের তথ্য সঠিকভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় বিবরণী ও চালানের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া উৎসে কর কর্তন এবং সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ ও উৎসে কর বিধিমালা, ২০২৩-এর অন্যান্য প্রযোজ্য বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার লেটারটিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের বিপিআরডি-১ বিভাগের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমার সহধর্মিণী জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি: মির্জা ফখরুল

আমার সহধর্মিণী জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি: মির্জা ফখরুল

ডিবিপ্রধানকে পদ থেকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা

ডিবিপ্রধানকে পদ থেকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা

সাভারে আবারও প্রেশার কুকার বোমা

সাভারে আবারও প্রেশার কুকার বোমা

স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App