×

অর্থনীতি

এসএমই ঋণ কী?

Icon

নাজমুল হাসান

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ এএম

এসএমই ঋণ কী?

ছবি : সংগৃহীত

ছোট পরিসরে ব্যবসা শুরু করতে চান, বাড়াতে চান প্রতিষ্ঠানের পরিধি কিংবা নতুন শাখা খুলতে চান- এমন উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণের বড় একটি ক্ষেত্র হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এসএমই। শুধু বড় ব্যবসা নয়, বুটিক শপ, ক্ষুদ্র উৎপাদন প্রতিষ্ঠান, সেবামূলক উদ্যোগ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ নানা ধরনের ব্যবসাও এসএমই ঋণের আওতায় আসতে পারে।

তবে অনেক উদ্যোক্তার কাছেই এসএমই ঋণ, ক্ষুদ্র ঋণ, জামানত, সুদের হার, যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট তথ্যের আলোকে এসএমই ঋণ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হলো।

এসএমই কী?

SME শব্দটি Small, Medium ও Enterprise-এর আদ্যক্ষর। বাংলায় এর অর্থ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা উদ্যোগ। এ খাতের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের বিভিন্ন উৎপাদন, সেবা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত।

কোন প্রতিষ্ঠানকে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি বলা হয়?

কুটির শিল্প/উদ্যোগ: পরিবারের সদস্যদের প্রাধান্য থাকা এমন প্রতিষ্ঠান, যেখানে জমি ও কারখানা ভবন বাদে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫ লাখ টাকার নিচে এবং পারিবারিক সদস্যসহ জনবল সর্বোচ্চ ১০ জন।

মাইক্রো শিল্প/উদ্যোগ: উৎপাদন খাতে জমি ও কারখানা ভবন বাদে স্থায়ী সম্পদের মূল্য ৫ লাখ থেকে ৫০ লাখ টাকা অথবা ১০ থেকে ২৪ জন শ্রমিক রয়েছে- এমন প্রতিষ্ঠান। সেবা ও ব্যবসার ক্ষেত্রে সম্পদ ও জনবলের সীমা ভিন্ন।

আরও পড়ুন: কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

ক্ষুদ্র শিল্প/উদ্যোগ: উৎপাদন খাতে জমি ও কারখানা ভবন বাদে স্থায়ী সম্পদের মূল্য ৫০ লাখ থেকে ১০ কোটি টাকা অথবা ২৫ থেকে ৯৯ জন শ্রমিক রয়েছে- এমন প্রতিষ্ঠান। সেবা ও ব্যবসার ক্ষেত্রে সম্পদের সীমা ৫ লাখ থেকে ১ কোটি টাকা এবং জনবলের সীমাও আলাদা।

মাঝারি শিল্প/উদ্যোগ: উৎপাদন খাতে জমি ও কারখানা ভবন বাদে স্থায়ী সম্পদের মূল্য ১০ কোটি টাকার বেশি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত অথবা ১০০ থেকে ২৫০ জন শ্রমিক রয়েছে- এমন প্রতিষ্ঠান। সেবা ও ব্যবসার ক্ষেত্রে সম্পদের সীমা ১ কোটি থেকে ১৫ কোটি টাকা এবং জনবলের সীমা ৫০ থেকে ১০০ জন।

কোনো প্রতিষ্ঠানের শ্রেণি নির্ধারণে একাধিক মানদণ্ডের মধ্যে কোনো একটির ভিত্তিতে প্রতিষ্ঠান বড় শ্রেণিতে পড়লে সেই শ্রেণিই বিবেচনা করা হয়।

বুটিক শপের নতুন শাখার জন্য ঋণ মিলবে?

হ্যাঁ। কোনো বুটিক শপের উদ্যোক্তা ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন শাখা খুলতে চাইলে, প্রতিষ্ঠানের ধরন ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসএমই ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।

নারী উদ্যোক্তা কারা?

সরকারের শিল্পনীতি-২০১০ অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কোনো নারী স্বত্বাধিকারী বা প্রোপ্রাইটর হলে তিনি নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হন। অংশীদারি প্রতিষ্ঠান কিংবা জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে নারীকে কমপক্ষে ৫১ শতাংশ মালিকানার অংশীদার হতে হবে।

নারী উদ্যোক্তাদের জন্য কী সুবিধা রয়েছে?

নারী উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিগত সহায়তা রয়েছে। পুনঃঅর্থায়ন স্কিমের ন্যূনতম ১৫ শতাংশ অর্থ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: একনেক সভা কী, কীভাবে কাজ করে

এ ছাড়া পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক রেটের সঙ্গে ৫ শতাংশ যোগ করে সর্বোচ্চ ১০ শতাংশ সুদহারে ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। নির্দিষ্ট শর্তে নারী উদ্যোক্তাকে শুধু ব্যক্তিগত জামানতের বিপরীতে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগও রয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান, আঞ্চলিক ও নির্বাচিত শাখায় নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ পরামর্শ ও সেবা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

ক্ষুদ্র ঋণের সীমা কত?

ক্ষুদ্র উদ্যোক্তা খাতে ঋণের সীমা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত। দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঋণের নিম্নসীমা ১০ হাজার টাকা।

এসএমই ঋণের সুদের হার কত?

এসএমই ঋণের সুদের হার সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান খাত ও উপখাত অনুযায়ী নির্ধারণ করে। তবে সুদের হার সহনীয় পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে।

আরও পড়ুন: মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ঘুরছে পে-স্কেলের প্রজ্ঞাপন

কিছু পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় নারী উদ্যোক্তা, প্রতিবন্ধী উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা এবং কৃষিভিত্তিক শিল্পে সর্বোচ্চ ১০ শতাংশ সুদে অর্থায়নের নির্দেশনা রয়েছে।

ঋণ নিতে কী ধরনের জামানত লাগে?

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সাধারণত ঋণের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের জামানত চাইতে পারে। এর মধ্যে রয়েছে—

  • মজুদ পণ্য ও যন্ত্রাংশের হাইপোথিকেশন
  • স্থাবর সম্পত্তির মর্টগেজ
  • ব্যক্তিগত জামানত
  • গ্রুপ বা সামাজিক জামানত
  • পোস্ট-ডেটেড চেক

তবে জামানতের ধরন ও পরিমাণ ঋণদাতা প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালার ওপর নির্ভর করে।

কী কী কাগজপত্র প্রয়োজন?

এসএমই ঋণের জন্য সাধারণত বৈধ ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, দোকান বা প্রতিষ্ঠানের ভাড়া চুক্তিপত্র, বীমা-সংক্রান্ত কাগজপত্র, জামানতনামা, ব্যবসায়ের মজুদ বিবরণী, ব্যাংক হিসাবের বিবরণী এবং আয়-ব্যয়ের হিসাব চাওয়া হতে পারে।

উদ্যোক্তার কী যোগ্যতা থাকা দরকার?

সাধারণভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থায়ন পেতে কমপক্ষে দুই বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা, বৈধ ট্রেড লাইসেন্স এবং প্রযোজ্য জামানত প্রয়োজন হতে পারে। তবে উদ্যোক্তার ব্যবসায়িক জ্ঞান, প্রশিক্ষণ এবং প্রকল্পের সফলতার সম্ভাবনা বিবেচনায় নতুন উদ্যোগেও অর্থায়ন করতে পারে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান।

গ্রুপ ঋণ কী?

কোনো একক নারী উদ্যোক্তা এসএমই ঋণের সর্বনিম্ন সীমার প্রয়োজনীয় অর্থ সংগ্রহে সক্ষম না হলে একই ধরনের কয়েকজন নারী উদ্যোক্তা মিলে গ্রুপ গঠন করে ঋণের আবেদন করতে পারেন। ব্যাংক ঋণ অনুমোদন করলে সেটিকে গ্রুপ ঋণ বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এ ধরনের ঋণও পুনঃঅর্থায়নের যোগ্য হতে পারে এবং নির্ধারিত ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ সুদহার প্রযোজ্য হয়।

ক্লাস্টার ফাইন্যান্সিং কী?

দেশের বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট ধরনের শিল্পের বিকাশ ঘটেছে। যেমন- বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং, সিরাজগঞ্জের তাঁত, জামালপুরের হস্ত ও কুটির শিল্প এবং সিলেটের মণিপুরী তাঁতশিল্প।

একটি এলাকায় একই ধরনের পণ্য উৎপাদনকারী বা উৎপাদনে সহায়ক একাধিক প্রতিষ্ঠান গড়ে উঠলে সেটিকে শিল্প ক্লাস্টার বলা হয়। এসব প্রতিষ্ঠানে এক বা একাধিক ব্যাংকের সমন্বিত অর্থায়ন ও পরামর্শ দেওয়ার ব্যবস্থাই ক্লাস্টার ফাইন্যান্সিং।

পুনঃঅর্থায়ন বলতে কী বোঝায়?

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এসএমই উদ্যোক্তাকে ঋণ দেওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কোনো পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সেই ঋণের বিপরীতে অর্থায়নের জন্য আবেদন করতে পারে। বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলে সেটিকে এসএমই ঋণের পুনঃঅর্থায়ন বলা হয়।

এসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে। এসব স্কিমের কিছু ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে বিশেষ সুদহারের সুবিধা রয়েছে।

এসএমই ঋণের জন্য আলাদা শাখা আছে?

হ্যাঁ। এসএমই ও কৃষি খাতের উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা নিশ্চিত করতে দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকগুলোর এসএমই ও কৃষি ঋণ শাখা রয়েছে। বিশেষ করে মফস্বল এলাকায় এ ধরনের শাখা খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার নীতিমালা রয়েছে।

কনজ্যুমার ঋণ কি এসএমই ঋণ?

না। ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য গাড়ি, ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, আসবাবপত্রসহ বিভিন্ন পণ্য কেনার জন্য যে ঋণ দেওয়া হয়, তা কনজ্যুমার ঋণ।

অন্যদিকে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের জন্য দেওয়া ঋণই এসএমই ঋণের আওতায় পড়ে।

কৃষি ঋণ ও এসএমই ঋণের পার্থক্য কী?

শস্য ও ফসল উৎপাদন, মাছ চাষ, প্রাণিসম্পদ পালন, সেচ, কৃষিযন্ত্র কেনা, বীজ উৎপাদন এবং কৃষিপণ্য গুদামজাত ও বাজারজাতকরণের মতো কর্মকাণ্ডের জন্য দেওয়া ঋণ কৃষি ঋণ।

অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদনশীল শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য দেওয়া ঋণকে এসএমই ঋণ বলা হয়।

কৃষিভিত্তিক শিল্প কী?

কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত করে ভোগ্য ও শিল্পপণ্য উৎপাদনকারী শিল্পকে কৃষিভিত্তিক শিল্প বলা হয়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নীতিমালায় বিভিন্ন কৃষিভিত্তিক শিল্প খাত চিহ্নিত করা হয়েছে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পও এ শ্রেণির অন্তর্ভুক্ত।

জাতীয় শিল্পনীতি-২০১০-এ কৃষিভিত্তিক শিল্পকে গুরুত্বপূর্ণ বা ‘থ্রাস্ট সেক্টর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ খাতে অর্থায়নের জন্য পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় সর্বোচ্চ ১০ শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক কি সরাসরি এসএমই ঋণ দেয়?

সাধারণ উদ্যোক্তা বা জনগণকে বাংলাদেশ ব্যাংক সরাসরি এসএমই ঋণ দেয় না। বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করে। উদ্যোক্তারা এসএমই ঋণের জন্য বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

কোথায় যোগাযোগ করবেন?

এসএমই উদ্যোগ ও ঋণসংক্রান্ত পরামর্শের জন্য বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগে যোগাযোগ করা যায়। নারী উদ্যোক্তাদের সহায়তায় এ বিভাগে রয়েছে Women Entrepreneurs Development Unit।

এসএমই ঋণসংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের Financial Integrity and Customer Service Department-এর অভিযোগ কেন্দ্রে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। অভিযোগ কেন্দ্রের ফোন নম্বর ১৬২৩৬ এবং ই-মেইল [email protected]

ছোট ব্যবসা বড় করার স্বপ্ন দেখেন এমন উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ হতে পারে অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ পথ। তবে ঋণ নেওয়ার আগে প্রতিষ্ঠানের শ্রেণি, যোগ্যতা, সুদের হার, জামানত, প্রয়োজনীয় কাগজপত্র এবং সংশ্লিষ্ট ব্যাংকের শর্ত ভালোভাবে জেনে নেওয়া জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App