প্রাথমিকের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দিতে চায় সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত
দুর্নীতি কমাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির দায়িত্ব স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (১৪ জুন) রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এমন পর্যায়ে উন্নীত করতে হবে, যাতে অভিভাবক ও শিক্ষার্থীরা সেখানে ভর্তির জন্য আগ্রহী হয়ে ওঠে।
ববি হাজ্জাজ জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোকে ধীরে ধীরে এক শিফটে পরিচালনার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের।
শিক্ষক বদলির বিষয়ে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্থানান্তরের দায়িত্ব স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বদলি-সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে।
আরো পড়ুন : সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে
প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে এমন ব্যবস্থা চালু করা হবে যাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে না পারেন। পাশাপাশি নতুন শিক্ষক নীতিমালাও প্রণয়ন করা হবে।
প্রাথমিক শিক্ষার নীতিমালা নিয়ে প্রতিমন্ত্রী জানান, শিগগিরই কঠোর নীতিমালা চালু করা হবে। ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী সব প্রতিষ্ঠানকে এই নীতিমালার আওতায় আনা হবে।
তিনি বলেন, কারিকুলাম, শিক্ষক, অবকাঠামো ও পরিবেশ এবং ব্যবস্থাপনা- এই চারটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ২০২৭ শিক্ষাবর্ষ থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বাধ্যতামূলক করা হবে। ২০২৮ সালের কারিকুলামে এসব বিষয় পুরোপুরি অন্তর্ভুক্ত করা হবে।
