×

শিক্ষা

সংসদে শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৪৮৬ শিক্ষকের পদ শূন্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:২১ পিএম

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৪৮৬ শিক্ষকের পদ শূন্য

ছবি : সংগৃহীত

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি শিক্ষক পদের মধ্যে বর্তমানে আট হাজার ৪৮৬টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এসব শূন্য পদের মধ্যে দুই হাজার ২০৪টিতে নিয়োগের সুপারিশ চেয়ে ইতোমধ্যে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) রিকুইজিশন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল হাসনাতের পৃথক প্রশ্নের জবাবে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির সাধারণ ধারার শিক্ষার্থীদের জন্য ‘কারিগরি শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে দুটি নতুন পাঠ্যপুস্তক চালু করা হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সাত হাজার ৭৪ জন শিক্ষক কর্মরত আছেন। বাকি আট হাজার ৪৮৬টি পদ শূন্য রয়েছে।

মন্ত্রী জানান, ইনস্ট্রাক্টর (৯ম গ্রেড) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (১০ম গ্রেড) পদে বিসিএস (ক্যাডার ও নন-ক্যাডার) পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। ইতোমধ্যে দুই হাজার ২০৪টি শূন্য পদে নিয়োগের জন্য পিএসসিতে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এছাড়া ৪৫তম বিসিএসের মাধ্যমে ৯৭ জন ক্যাডার এবং ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। পুলিশ ভেরিফিকেশন শেষে তাদের নিয়োগ দেওয়া হবে।

এহছানুল হক মিলন বলেন, পদোন্নতির মাধ্যমেও শূন্য পদ পূরণের ব্যবস্থা রয়েছে। তবে পদোন্নতিযোগ্য চার হাজার ১৩১টি পদে জনবল না থাকায় সেসব পদে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কর্মমুখী ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে ‘কারিগরি শিক্ষা’ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার বিভিন্ন ক্ষেত্র, কর্মসংস্থানের সুযোগ এবং উচ্চশিক্ষার বিষয়ে প্রাথমিক ধারণা পাবে।

আরো পড়ুন : প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী

একই সদস্যের আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদরি ভাষায় মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা (এমএলই) কার্যক্রম চালু হয়েছে। এসব ভাষার শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন পাঠ্যপুস্তক চালু করা হবে।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হকের প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া ফৌজদারি মামলার কারণে যেসব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার বকেয়া সৃষ্টি হয়েছে, বিধি অনুযায়ী তাদের বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে আবেদনকারীদের বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ১৭৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি ৫৬টি, বেসরকারি ১১৬টি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে দুটি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩০টি সাধারণ, ১৮টি বিজ্ঞান ও প্রযুক্তি এবং আটটি প্রকৌশল, কৃষি, মেডিকেল ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে নতুন ডিসি নিয়োগ

সিলেটে নতুন ডিসি নিয়োগ

গ্যাস পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গ্যাস পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App