×

শিক্ষা

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার কর্মসূচি আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো উদ্বোধন করা হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং ঝরে পড়া কমাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি চালু হচ্ছে।

রোববার (৯ আগস্ট) এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে বিনামূল্যে ইউনিফর্মসহ প্রয়োজনীয় বিভিন্ন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের নকশা চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস থাকবে। পোশাক তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য, ব্যবহারিক সুবিধা এবং ইউনিফর্মে একরূপতা নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন করা হয়। ওই সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্পের আওতায় বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু করা হবে।

সভায় মন্ত্রী আরও জানিয়েছিলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সরবরাহের বিষয়ে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। এসব প্রতিষ্ঠান তাদের সক্ষমতা অনুযায়ী অনুদান দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, পোশাক ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

শিক্ষার্থীদের জন্য সমন্বিত সহায়তা নিশ্চিত করতে ইউনিফর্ম, ব্যাগ ও জুতা সরবরাহের বিষয়েও শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ, সুশৃঙ্খল এবং সমান সুযোগের শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

এদিকে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, পাইলট প্রকল্প বাস্তবায়নের সময় যেসব ত্রুটি ও সীমাবদ্ধতা চিহ্নিত হয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, কোনো পাইলট প্রকল্পের সফলতা শুধু কতসংখ্যক মানুষের কাছে এর সুবিধা পৌঁছেছে, তা দিয়ে বিচার করা উচিত নয়। প্রকল্প বাস্তবায়নের সময় কী ধরনের সমস্যা সামনে এসেছে এবং সেগুলো কতটা কার্যকরভাবে সমাধান করা গেছে, সেটিও সফলতার গুরুত্বপূর্ণ সূচক।

প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের জন্য সহায়ক ও সমান সুযোগের পরিবেশ তৈরিতে ইউনিফর্ম, স্কুলব্যাগ, জুতা ও মিড-ডে মিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর পাশাপাশি প্রাথমিক শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্য রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

যে কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল

ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল

সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

কমল জ্বালানি তেলের দাম

কমল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App