পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এবারও কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। ১০ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর পরিকল্পনা করা হয়েছে।
কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নেওয়া হবে। শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে প্রতিষ্ঠান নির্ধারণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, খসড়া সময়সূচি অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ভর্তির আবেদন নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে নির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হবে।
সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজ ও মাদ্রাসা মিলিয়ে প্রায় ২৫ লাখ আসন রয়েছে। গতবার মোট আসনের ৫৮ দশমিক ৭ শতাংশে শিক্ষার্থী ভর্তি হয়েছিল। ফলে ৪১ দশমিক ৩ শতাংশ আসন খালি ছিল। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার আরও কম হওয়ায় খালি আসনের সংখ্যা বাড়তে পারে।
তবে আসন বেশি খালি থাকলেও জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থী পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ নাও পেতে পারেন। কারণ, ভালো ফল করা শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা তুলনামূলক কম। এবার ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।
গত কয়েক বছর ধরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এই পদ্ধতিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। তবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ভর্তির প্রক্রিয়া আলাদা।
ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব নিয়মে ভর্তি নিলেও দেশের প্রায় সব কলেজ ও মাদ্রাসায় কেন্দ্রীয় এই পদ্ধতিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করে।
