আজ শুরু একাদশে ভর্তি, জানুন আবেদন পদ্ধতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২২ সেপ্টেম্বর, আর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, এবার কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসরণ করে অনলাইনেই পুরো ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন: বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
এর আগে ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। অবশিষ্ট ৯৩ শতাংশ আসনে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।
যেভাবে চলবে ভর্তি কার্যক্রম
নীতিমালা অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। একই সময়ে আবেদনকারীদের পছন্দের তালিকায় পরিবর্তন আনার সুযোগও থাকবে।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
