×

বিনোদন

মুক্তির আগেই ‘হোপ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম

মুক্তির আগেই ‘হোপ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

ছবি : সংগৃহীত

মুক্তির আগেই দক্ষিণ কোরিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হোপ’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমাটি মুক্তি পাচ্ছে বুধবার (১৫ জুলাই)। তবে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এটি।

কোরিয়ান ফিল্ম কাউন্সিলের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিক্রি হওয়া অগ্রিম টিকিটের ৬২ দশমিক ১ শতাংশই ছিল ‘হোপ’-এর। এ সময় প্রায় ৩ লাখ ৯০ হাজার টিকিট বিক্রি হয়েছে। চলতি বছরে দক্ষিণ কোরিয়ার আর কোনো সিনেমা এত দ্রুত অগ্রিম টিকিট বিক্রির শীর্ষে উঠতে পারেনি।

অগ্রিম টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে রয়েছে ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে সিনেমাটি ২৯ জুলাই মুক্তি পাবে। ফলে মুক্তির পর প্রথম দুই সপ্তাহে বড় কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হচ্ছে না ‘হোপ’কে।

সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা না হং–জিন। গত দুই দশকে তিনি মাত্র তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন—‘দ্য চেজার’, ‘দ্য ইয়েলো সি’ এবং ‘দ্য ওয়েইলিং’। তিনটি সিনেমাই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। প্রায় এক দশক পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন এই নির্মাতা।

২০২৪ সালের মার্চে ‘হোপ’-এর শুটিং শেষ হয়। প্রথমে ২০২৫ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও দীর্ঘ পোস্ট-প্রোডাকশনের কারণে তা পিছিয়ে যায়। পরে চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

তবে ‘হোপ’-এর সাফল্য শুধু বক্স অফিসেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে পরিবেশক প্রতিষ্ঠান প্লাস এম এন্টারটেইনমেন্টের ভবিষ্যৎও। গত মাসে প্রতিষ্ঠানটি, মাল্টিপ্লেক্স চেইন মেগাবক্স এবং তাদের মূল প্রতিষ্ঠান জুংআং গ্রুপের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠান আদালতের কাছে দেউলিয়া সুরক্ষার আবেদন করে। ফলে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রশিল্পে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ‘হোপ’ সফল হলে প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হবে।

দর্শক বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকারও। ৮ জুলাই থেকে ২০ লাখ ৫০ হাজার সিনেমার টিকিটে ৬ হাজার ওন ছাড়ের কুপন দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই সুবিধার সবচেয়ে বড় সুফল পাবে ‘হোপ’। এর আগে মে মাসে একই ধরনের উদ্যোগ নেওয়ার পর এক সপ্তাহে দেশটির বক্স অফিস আয় প্রায় ৪৮ শতাংশ বেড়েছিল।

গত সপ্তাহে সিউলে সংবাদমাধ্যমের জন্য আয়োজিত বিশেষ প্রদর্শনীতে সিনেমাটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন সমালোচকেরা। কান চলচ্চিত্র উৎসবে ভিজ্যুয়াল ইফেক্ট নিয়ে যে সমালোচনা হয়েছিল, মুক্তির আগে তা আরো উন্নত করা হয়েছে বলেও জানা গেছে।

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রশিল্প। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির বক্স অফিস আয় মহামারির আগের সময়ের ৭৩ দশমিক ২ শতাংশে পৌঁছেছে, যা ২০২০ সালের পর সর্বোচ্চ। একই সময়ে দেশীয় সিনেমার আয় বেড়েছে ৮১ দশমিক ৭ শতাংশ।

চলতি বছরে সবচেয়ে বেশি দর্শক টেনেছে ‘দ্য কিংস ওয়ার্ডেন’, যার টিকিট বিক্রি হয়েছে প্রায় ১ কোটি ৬৯ লাখ। এবার নজর ‘হোপ’-এর দিকে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে

১৫ জুলাই ইতিহাসের এই দিনে

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

মুক্তির আগেই ‘হোপ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

মুক্তির আগেই ‘হোপ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App