যে কারণে বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম
ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত
বলিউডে অভিষেক হয়েছিল সফল সিনেমা দিয়ে। তবু দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগ না পেয়ে অভিনয় ছেড়ে নিজ রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের সেই কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ইয়ামি। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হলেও ‘প্রথাগত নায়িকা’ হিসেবে প্রতিষ্ঠা না পাওয়ায় তার কাছে সীমিত ধরনের চরিত্রের প্রস্তাব আসতে থাকে। দীর্ঘদিন প্রত্যাশিত কাজের সুযোগ না পেয়ে ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির আগেই বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
আরো পড়ুন: ‘মাসে পাঁচবার যৌন সম্পর্কের’ প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে
ইয়ামি জানান, হিমাচল প্রদেশে তাদের পারিবারিক কৃষিজমি রয়েছে। তাই অভিনয় ছেড়ে সেখানে ফিরে গিয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তার বাবা-মাও এ সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছিলেন।

অভিনেত্রীর ভাষায়, “আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি আছে। একেবারে ভিন্ন ধরনের জীবন শুরু করার কথা ভাবছিলাম। বাবা-মা শুধু বলেছিলেন, ‘বাড়ি ফিরে এসো।’”
তবে অভিনয় ছাড়ার মানসিক প্রস্তুতি নেওয়ার পরই তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং পরে ‘বালা’ সিনেমার সাফল্য তাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করে এবং বলিউডে তার অবস্থান আরও শক্ত হয়।
আরো পড়ুন: শারীরিক-মানসিক হেনস্থার অভিযোগে অভিনেত্রীর মামলা
বলিউডে পারিবারিক পরিচিতি ছাড়া কাজ করার অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেন ইয়ামি। তার মতে, ইন্ডাস্ট্রিতে ‘বহিরাগত’দের জন্য সুযোগ তৈরি করা অনেক কঠিন। যেখানে তারকাসন্তানেরা একাধিকবার ব্যর্থ হওয়ার পরও নতুন সুযোগ পান, সেখানে বাইরের শিল্পীদের প্রতিটি সুযোগের জন্য নিজেকে বারবার প্রমাণ করতে হয়।
তিনি বলেন, অনেক সময় এমন মনে হতো, যে চরিত্রের জন্য তিনি প্রস্তুত, সেটি এমন কাউকে দেওয়া হচ্ছে, যিনি আগে থেকেই ইন্ডাস্ট্রির অংশ। এতে হতাশা তৈরি হলেও তিনি বিশ্বাস করেন, সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাচ্ছে।

ইয়ামির মতে, এখন দর্শক একজন শিল্পীর পারিবারিক পরিচয় নয়, বরং অভিনয় দক্ষতা ও কাজের মানকেই বেশি গুরুত্ব দেন। এই পরিবর্তন ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
দীর্ঘ সংগ্রামের পর বলিউডে নিজের অবস্থান সুসংহত করা ইয়ামি গৌতমকে এবার দেখা যাবে পরিচালক বালাজি মোহনের নতুন সিনেমা ‘নয়ি নভেলি’-তে।
