‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সম্প্রতি ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে নিজের মানসিক অবস্থা, পেশাগত সংকট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা নিয়ে কথা বলেছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় লাইভে এসে জ্যোতি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন এবং কাজের সুযোগও পাচ্ছেন না। তার অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে পেশাগতভাবে একঘরে করে রাখা হচ্ছে। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।”
আরো পড়ুন: যে কারণে বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম
জ্যোতির ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে তাকে নিয়ে ট্রল, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ চলছে। একই সঙ্গে অভিনয়জীবনেও বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, একটি প্রভাবশালী গোষ্ঠী বিভিন্ন গ্রুপিংয়ের মাধ্যমে তাকে নতুন কাজ থেকে দূরে রাখছে। এ কারণে তিনি কার্যত ঘরবন্দি জীবন কাটাচ্ছেন।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এর একটা শেষ করেন, প্লিজ।”
জ্যোতিকা জ্যোতির রাজনৈতিক অবস্থান নিয়েও অতীতে আলোচনা হয়েছে। তিনি আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন। এছাড়া আওয়ামী লীগ-সমর্থক শিল্পী হিসেবে পরিচিত থাকায় ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে তিনি দাবি করে আসছেন।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে কেন্দ্র করেও আলোচনায় আসেন জ্যোতি। সে সময় তিনি প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অফিসকক্ষে আটকে রাখার গুঞ্জন ছড়িয়ে পড়লে তিনি ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
আরো পড়ুন: অসুস্থতার জন্যেই কি চেহারা ভেঙেছে, যা জানালেন সালমান
সেই লাইভে তিনি বলেছিলেন, চলমান পরিস্থিতির কারণে তাকে অফিসে যেতে নিরুৎসাহিত করা হলেও দায়িত্ববোধ থেকে তিনি কর্মস্থলে যান। সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখে মহাপরিচালকের পরামর্শে অফিস ত্যাগ করেন।

জ্যোতির ভাষ্য, নিজের কক্ষ থেকে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে বের হওয়ার সময় তিনি উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু কেউ তার সঙ্গে কথা বলতে রাজি হননি। সে অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, “যে মুখগুলো আগে পরিচিত ছিল, সেগুলো সেদিন খুব অপরিচিত লাগছিল।” এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর জ্যোতিকা জ্যোতি। টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘লাল মোরগের ঝুঁটি’ এবং কলকাতার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’সহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন।
জ্যোতির সাম্প্রতিক ফেসবুক লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তার বক্তব্য নিয়ে যেমন কেউ সহমর্মিতা প্রকাশ করছেন, তেমনি অনেকে সমালোচনাও করছেন।
