নিতম্বে চোট, চিকিৎসকের পরামর্শে যা করলেন রাশমিকা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম
ফাইল ছবি
এক ছবির শুটিং শেষ হওয়ার আগেই আরেক ছবির প্রস্তুতি— এভাবেই ব্যস্ততায় কেটেছে রাশমিকা মান্দানার দিনগুলো। এর সঙ্গে ছিল নাচ, অ্যাকশন, নিয়মিত শরীরচর্চা। কাজের সেই ব্যস্ত গতিতে এবার হঠাৎই ছেদ পড়েছে। ‘মাইসা’ ছবির শুটিংয়ে নাচের একটি দৃশ্য করতে গিয়ে নিতম্বের পেশিতে চোট পেয়েছেন তিনি। আপাতত তাই শুটিং থেকে দূরে, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন রাশমিকা।
চোটটি যে বেশ গুরুতর, তার নিজের বক্তব্যেই তার ইঙ্গিত মিলেছে। নিতম্ব থেকে পায়ের সঙ্গে যুক্ত একটি পেশির অবস্থান সরে গেছে বলে জানিয়েছেন তিনি। সেটি স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় প্রয়োজন। ফলে আপাতত স্বাভাবিক চলাফেরা, দৌড়ঝাঁপ কিংবা শরীরচর্চার মতো কাজও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: প্রযোজকের ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাবে নিজেকে বাঁচতে যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী?
তবে চোটের কারণে কাজ থেকে দূরে থাকার অভিজ্ঞতা রাশমিকার জন্য নতুন নয়। ২০২৫ সালের শুরুতেও জিমে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণে পায়ে একাধিক সমস্যা দেখা দিয়েছিল। সাময়িকভাবে পিছিয়ে গিয়েছিল কয়েকটি ছবির কাজও।
চোট কাটিয়ে অবশ্য দ্রুতই কাজে ফিরেছিলেন রাশ্মিকা। এরপর আবার শুরু হয় টানা শুটিং ও ব্যস্ততা। এবার পরপর চোটের মুখে পড়ে নিজের জীবনযাপন নিয়েই নতুন করে ভাবার সুযোগ পেয়েছেন অভিনেত্রী। তাঁর উপলব্ধি, এত দিন তিনি নিজের শরীরের ওপর অনেক বেশি চাপ দিয়েছেন।
‘মাইসা’র শুটিংয়েও শারীরিক পরিশ্রমের কমতি নেই। নাচের পাশাপাশি ছবির বেশ কিছু দৃশ্যের জন্য কঠোর শারীরিক প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। আগের চোট কাটিয়ে দ্রুত স্বাভাবিক ব্যস্ততায় ফেরার পর এবার শরীর যেন তাঁকে জোর করেই বিরতি নিতে বলেছে।
আরও পড়ুন: আপত্তিকর পোস্টের জবাবে যা বললেন অভিনেত্রী বাঁধন
এই বিরতিকেই অবশ্য নেতিবাচকভাবে দেখছেন না রাশমিকা মান্দানা। বরং কাজের ব্যস্ততায় যে সময়টুকু এত দিন নিজের জন্য বের করতে পারেননি, এখন সেটিই উপভোগ করছেন। বাড়িতে ঘুমানো, বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পোষ্যের সঙ্গে সময় দেওয়াতেই কাটছে তাঁর দিন।

ব্যস্ততার কারণে আগে সময় করে দেখতে না পারা নিজের বিয়ের ছবি ও ভিডিও এখন বসে দেখছেন অভিনেত্রী। অর্থাৎ শুটিংয়ের ব্যস্ততার বাইরে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করার সুযোগও মিলেছে তাঁর।
রাশ্মিকার উপলব্ধি, এত দিন তিনি মনে করতেন সব সময় কাজের মধ্যে ছুটে চলাই স্বাভাবিক। কিন্তু কয়েক সপ্তাহের এই বিশ্রাম তাঁকে বুঝিয়েছে, জীবনে থামারও প্রয়োজন আছে।
তাই এই চোট শুধু শারীরিক দুর্ভোগই বয়ে আনেনি; ব্যস্ত অভিনেত্রীর জীবনে এনে দিয়েছে অনিচ্ছাকৃত এক বিরতি। আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন রাশমিকা। তবে সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুত হচ্ছেন তিনি।

