মডেল রিধির আত্মহত্যায় কারাগারে প্রেমিক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম
ছবি: সংগৃহীত
মডেল ও অভিনেত্রী লিনা আক্তার রিধিকার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন।
এর আগে, শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিধিকাকে পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, শনিবার রিধিকার মা বাদী হয়ে ভাটারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে প্রেমিক হাসিবুর রহমানকে বাদী করে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

আজ (রোববার) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আরো পড়ুন: অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলা তদন্তকালে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাদীর আনা অভিযোগের যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে আসামি অপরাধের কথা স্বীকার করেন এবং ঘটনার সঙ্গে জড়িত বলেও জানিয়েছেন। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
হাসিবুরের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে আবেদন করেন। তবে মঙ্গলবার শুনানি করতে চান তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রেখেছে মঙ্গলবার।
পুলিশ বলছে, ঘটনার সময় রিধি তার প্রেমিক হাসিবুরের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
