কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কোয়েল মল্লিক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় রদবদল। সোমবার (৫ অক্টোবর) তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক। তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা ও দলের মুখপাত্র কুণাল ঘোষ। কোয়েলকে ‘বিশ্বাসঘাতক’ বলেও কটাক্ষ করেছেন তিনি।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য হয়েছিলেন কোয়েল। তবে সম্প্রতি সেই পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। এরই মধ্যে বিজেপি আগামী ১৬ অক্টোবরের রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গের শূন্য আসনে কোয়েলকে প্রার্থী ঘোষণা করে। পরদিনই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন এই অভিনেত্রী।

৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখের আগে তার এই দলবদল পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। বিজেপিতে যোগ দিয়ে কোয়েল জানান, জনগণের কল্যাণ ও সেবায় সক্রিয়ভাবে কাজ করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন: তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা
কোয়েল বলেন, গত কয়েক মাসে রাজ্যে উন্নয়নের কাজ চলছে এবং আগের তুলনায় অনেক বেশি কাজ হচ্ছে। এ প্রসঙ্গে তিনি তার বাবা, বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কথাও উল্লেখ করেন। কোয়েলের ভাষায়, ‘আমি বাবাকে অনেক সময় বলতে শুনেছি, এটা কেন হচ্ছে না, বা ওটা কেন হবে।’ এসব বিষয়েই নজর দিতে এবং মানুষের জন্য কাজ করতেই তার রাজনীতিতে আসা বলে জানান তিনি।
এদিকে কোয়েলের বিজেপিতে যোগদান নিয়ে তোপ দেগেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেন, কোয়েল ও তার বাবা রঞ্জিত মল্লিক নিজেদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদার প্রতি সুবিচার করেননি। কুণাল ঘোষের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালে তারা তৃণমূলকে সমর্থন জানিয়েছেন এবং সুবিধা নিয়েছেন, আর এখন বিজেপির প্রতি ঝুঁকেছেন।

সমাজের বিশিষ্ট ব্যক্তিদের রাজনীতিতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। তিনি বলেন, চিকিৎসক, খেলোয়াড়, শিল্পী ও গায়কদের মতো বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের জনপ্রতিনিধিত্বের সুযোগ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কয়েকজনের দলবদলের অভিজ্ঞতার পর ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলকে আরও সতর্ক হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, রাজনীতিতে আসার আগে প্রায় আড়াই দশক ধরে কলকাতার বাংলা সিনেমার অভিনয় জগতে সুনাম অর্জন করেছেন কোয়েল মল্লিক। ‘বন্ধন’, ‘মানিক’, ‘১০০% লাভ’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘মন মানে না’র মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। পাশাপাশি ‘মিতিন মাসি’ সিরিজে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
