প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বের তিন প্রভাবশালী দেশের নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের সাইডলাইনে বৈঠকটি আয়োজন করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
শুক্রবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি গুরুত্ব পাবে। ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।
মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি বা বড় ধরনের সমঝোতার প্রত্যাশা করছে না ওয়াশিংটন। তার মতে, তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে এটিই প্রথম পর্যায়ের আলোচনা। ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার পথ তৈরি করাই এর অন্যতম উদ্দেশ্য।
আলোচনায় ইরান যুদ্ধ, বাদ ইউক্রেন ইস্যু
মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৈঠকে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে পারেন ট্রাম্প। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আলোচনার এজেন্ডায় রাখার পরিকল্পনা নেই তার। এক মার্কিন কর্মকর্তা জানান, ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলাদা কূটনৈতিক আলোচনা চলছে। এ প্রক্রিয়ায় চীন সরাসরি যুক্ত না থাকায় ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টি তোলার প্রয়োজন দেখছে না যুক্তরাষ্ট্র।
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে তিন দেশের আলোচনা এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের (New START) মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী এই দুই দেশের অস্ত্রভান্ডারের ওপর কার্যকর কোনো দ্বিপক্ষীয় চুক্তিভিত্তিক সীমা নেই।
চুক্তিটির মেয়াদ আরও এক বছর বাড়ানোর বিষয়ে রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেননি ট্রাম্প। বরং চীনকে অন্তর্ভুক্ত করে নতুন, উন্নত ও আধুনিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম।
ট্রাম্পের চীন সফরের সূচি
হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সোমবার (১৬ নভেম্বর) ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। প্রথমে তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যাবেন। সেখানে কোয়াড নেতাদের বৈঠক এবং যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এরপর বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে পৌঁছানোর কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কার্যকরী মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। পরে শি ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতিও ট্রাম্প-শি বৈঠকের আলোচনায় থাকবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে বিদ্যমান বাণিজ্য চুক্তির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে। তবে এ সফরে নতুন করে শুল্ক পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।
এদিকে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কও ট্রাম্পের চীন সফরসঙ্গী হচ্ছেন। তবে শি জিনপিং ও পুতিনের সঙ্গে অনুষ্ঠেয় আনুষ্ঠানিক বৈঠকে তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা, উদ্বেগ ইউক্রেনের
তিন নেতার সম্ভাব্য বৈঠককে ঘিরে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গও সামনে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শেনজেন বৈঠকের সঙ্গে ইয়াল্টা সম্মেলনের তুলনা নাকচ করেছেন। তিনি বলেন, শেনজেনে কোনো সমঝোতা হলে তা অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার আশঙ্কা, ইউক্রেনকে আলোচনার বাইরে রেখে দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনো সমঝোতার চেষ্টা হতে পারে।
এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্যিক বিরোধ নিরসনে আলোচনা করেছেন ট্রাম্প। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ চলমান থাকলেও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।
সব মিলিয়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান যুদ্ধ, বাণিজ্যিক সম্পর্ক এবং তিন দেশের কৌশলগত অবস্থান—এসব গুরুত্বপূর্ণ বিষয় ঘিরেই শেনজেনে তিন নেতার বৈঠক হতে যাচ্ছে। তবে প্রথম বৈঠকেই বড় কোনো চুক্তি বা সমঝোতার প্রত্যাশা করছে না যুক্তরাষ্ট্র।
