আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না : জামায়াত আমির
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরে ঠেকানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত্তি ধ্বংস করেছে। সরকারের মধ্যে ফ্যাসিবাদের অনেকগুলো লক্ষণ দেখা যাচ্ছে। তার ভাষ্য, এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জুলাই অভ্যুত্থান ঘিরে দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে।
সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন জামায়াত আমির। নির্বাচনে কারচুপি বা ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের শক্তি সঞ্চয় এবং সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে।
