চাঁদা না পেয়ে ককটেল বিস্ফোরণের পর এবার গুলিবর্ষণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে সাবেক এক কাউন্সিলরের মালিকানাধীন ফার্মেসি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এর আগে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে টানা দুই দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অনুরাগ ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। ফার্মেসিটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রনের মালিকানাধীন।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও ফার্মেসির কাচ ভেঙে গেছে।
ফার্মেসির মালিক সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন জানান, গত ৬ নভেম্বর শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে টানা দুই দিন ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে ফার্মেসি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট ও পাঞ্জাবি পরা এক যুবক কোমর থেকে পিস্তল বের করে ফার্মেসি লক্ষ্য করে গুলি ছুড়ছেন। পরে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তার হাতে একটি ধারালো চাপাতিও দেখা যায়। এ সময় আশপাশে লোকজন উপস্থিত থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেননি।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফ বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি চালিয়ে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
